'মানবিক মুখোশ' খুলল রাগীব আলীর
ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। ছবিটি এ রকম, চা-বাগানের সরু পথ দিয়ে মস্ত এক ভার বহন করছেন চা-শ্রমিকেরা। তাঁদের কাঁধে কাপড় প্যাঁচানো বাঁশ, তার ওপর আলিশান এক চেয়ার। তাতে আয়েশি ভঙ্গিতে একজন বসা। তাঁর মাথায় ছাতা ধরেছেন কয়েকজন। তিনি সিলেটের রাগীব আলী।
দেবোত্তর সম্পত্তির চা-বাগান দখলের জালিয়াতির মামলার রায়ে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের ১৪ বছর করে কারাদণ্ড হয়েছে। রায়ে বলা হয়, তাঁরা মানবিক মুখোশ পরে জনসম্পদ লুটপাট করেছেন।
গত বছরের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রাগীব আলীর দখল থেকে তারাপুর চা-বাগান মুক্ত করতে রায় দেন। রায়ের ১৭টি নির্দেশনার একটি ছিল ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর করা মামলা দুটির পুনঃ তদন্ত করা। এরপর মামলা দুটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দেয়। ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে রাগীব আলী ও তাঁর ছেলে ভারতে পালিয়ে যান। তিন মাসের মাথায় প্রথমে ছেলে, পরে রাগীব আলী দেশে ফিরে গ্রেপ্তার হন।
একই আদালতে বিচারকাজ চলছে তারাপুর চা-বাগান দখল করে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক আরেকটি মামলার। তারাপুর চা-বাগান সিলেট নগরের উপকণ্ঠে পাঠানটুলা এলাকায়। সেবায়েত পংকজ কুমার গুপ্তের দাদা বৈকুণ্ঠ গুপ্ত ১৯১৫ সালে চা-বাগানটি দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করে মালিক থেকে সেবায়েত হন। বৈকুণ্ঠ মারা যাওয়ার পর পংকজের বাবা রাধালাল গুপ্ত সেবায়েত হন। মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় রাধালালসহ পরিবারের সাত সদস্য নিহত হন। বেঁচে যান পংকজ কুমার গুপ্ত।
রাগীব আলীর পক্ষ বলছে, চা-বাগানের সেবায়েতের কাছ থেকে তাঁরা পুরো বাগান কিনেছেন। তবে পংকজ কুমার গুপ্ত প্রথম আলোকে বলেন, ১৯৮৮ সাল থেকে তিনি চা-বাগান থেকে বিতাড়িত হন রাগীব আলীর প্রভাবে।
তারাপুর চা-বাগান নিয়ে মামলার নথি ও আদালতের নির্দেশে পিবিআই তদন্ত সূত্রে জানা গেছে, সিলেটের বিশ্বনাথ উপজেলার তালেবপুর গ্রামের বাসিন্দা রাগীব আলী ১৯৫৬ সালে ১৮ বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে শেয়ারবাজার, বিমা, আবাসন ও রেস্তোরাঁ ব্যবসা করে তিনি বিত্তশালী হন। আশির দশকের গোড়ার দিকে দেশে ফিরে তিনি শিল্পে বিনিয়োগ করেন। ওই সময় সিলেটের মালনীছড়াসহ চা-বাগান বন্দোবস্ত নেন। তাঁর বিরুদ্ধে ভূমি দখলবাজির অভিযোগের সূত্রপাত হয় ১৯৮২ সালের দিকে। তারাপুর চা-বাগান দখল করে একাংশে নিজের ও স্ত্রীর নামে মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট স্থাপনের পর সিলেটের কানাইঘাটের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লোভাছড়া চা-বাগান দখলেরও অভিযোগ ওঠে রাগীব আলীর বিরুদ্ধে।
লোভাছড়া চা-বাগানের মালিক স্কটিশ বংশোদ্ভূত বাংলাদেশি মুক্তিযোদ্ধা জেমস লিও ফার্গুসন বলেন, যৌথভাবে বাগান পরিচালনার একটি চুক্তি দেখিয়ে রাগীব আলী ২০০৫ সালের দিকে চা-বাগানটির কর্তৃত্ব নেন। ২০১২ সালের দিকে দেশে ফিরে মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি এর প্রতিবাদ জানান। একপর্যায়ে মুক্তিযোদ্ধা ও স্থানীয় লোকজন রাগীব আলীর লোকজনকে বাগান থেকে বিতাড়িত করে বাগানের কর্তৃত্ব ফার্গুসনের হাতে তুলে দেন। ফার্গুসন বলেন, ১১ বছর বাগান পরিচালনার কোনো হিসাব পাননি তিনি। এ নিয়ে আদালতে একটি মামলা চলছে।
অবৈধভাবে সম্পদ অর্জনের পাশাপাশি রাগীব আলী ‘দান-খয়রাত’ শুরু করেন। রাগীব আলীকে দানবীর হিসেবে প্রচারণা চালানো হয় তাঁর ও প্রয়াত স্ত্রীর নামে প্রতিষ্ঠিত ‘রাগীব-রাবেয়া ফাউন্ডেশন’ থেকে। রাগীব আলীকে ‘দানবীর’ আখ্যা দিয়ে বাংলা ও ইংরেজি ভাষার ১২টি বই প্রকাশ করা হয়।
রাগীব আলীর পক্ষে এত কিছুর পরও এখন সবই যেন চুপসে গেল। গত প্রায় এক বছর তাঁর পক্ষে কথা বলারও কাউকে পাওয়া যায়নি। মামলা পরিচালনায় থাকা আইনজীবীরাও সংবাদমাধ্যমে তাঁর পক্ষে কিছু বলতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক রাগীব পরিবারের ঘনিষ্ঠ একজন গত শুক্রবার এই প্রতিবেদককে বলেন, এ পরিণতির জন্য রাগীব আলী তাঁর প্রয়াত স্ত্রীর পক্ষের কয়েকজন আত্মীয়কে দায়ী করছেন। ইতিমধ্যে তিনি তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরিয়ে দিয়েছেন। তাঁদের নাম উচ্চারণ করে রাগীব আলী ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘আমি তো তারারে গেটআউট করি দিছি!’ রায়ের পর তিনি উচ্চ আদাতে আপিল করার কথা জানিয়েছেন তাঁর পক্ষের আইনজীবীদের।
সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ বলেন, আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় থেকে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমল পর্যন্ত ছবির মতোই রাগীব আলী মানুষের ঘাড়ে চেপে বসেছিলেন। মুখোশ ছিল দানবীরের। শেষ পর্যন্ত আদালতে অপরাধ স্বীকার করতে হলো। এ রায় শুধু নজিরবিহীনই নয়, অনন্য এক ইতিহাসও।