‘মানবিক’ কারণে মিথ্যা প্রতিবেদন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম একটি মামলায় আদালতে অসত্য প্রতিবেদন দাখিল করেছেন। শফিকুল ইসলামের দাবি, বাদী তাঁর হাতে-পায়ে ধরে কান্নাকাটি করায় তিনি মানবিক কারণে ওই প্রতিবেদন দিয়েছেন। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কণিকাড়া গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা আবদুল আলীমের সঙ্গে বছর বিশেক আগে শিবপুর গ্রামের হোসনা বেগমের বিয়ে হয়। এটি ছিল আলীমের দ্বিতীয় বিয়ে। চার বছর পর আবদুল আলীম মারা গেলে হোসনা বেগম তাঁর সম্পত্তি বিক্রি করে সন্তানদের নিয়ে চট্টগ্রামে চলে যান। হোসনা বেগম গত ১৯ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তাঁর চার সৎ ছেলেসহ নয়জনকে আসামি করে একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, গত ১৮ জুলাই বাদী কণিকাড়া গ্রামে তাঁর মৃত স্বামীর বাড়িতে গেলে তাঁর সৎ ছেলেরা তাঁকে মারধর করেন। মামলার ৪ নম্বর আসামি সৎ ছেলে নজরুল ইসলাম তাঁর শ্লীলতাহানি ঘটান ও ২৭ হাজার টাকা ছিনিয়ে নেন। আদালত মামলা গ্রহণ করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তক্রমে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।ওসির নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ২৩ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন। এতে তিনি উল্লেখ করেন, ‘বাদিনীকে অন্যায়ভাবে আক্রমণ করিয়া ইচ্ছাকৃতভাবে মারধর করিয়া ফুলা জখম করে এবং প্রকাশ্যে তাঁর পরিধেয় কাপড়চোপড় টানাহেঁচড়া করিয়া বিবস্ত্র করতঃ শ্লীলতাহানি ঘটায় ও বাদিনীর কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা বিবাদী নজরুল ইসলাম জোরপূর্বক কাড়িয়া নেয়....। ইতিপূর্বে ১-৪ নং বিবাদীগণ (সৎ ছেলেরা) বাদিনীর বাসস্থান ও ভিটিবাড়ি জবরদখল করিয়া ইহাতে পাকা দালান নির্মাণ করতঃ তথায় বসবাস করিতে থাকে....।’২ ডিসেম্বর সরজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার চার দিন আগেই ৪ নম্বর বিবাদী নজরুল (প্রবাসী) দুবাই চলে যান। ওই বাড়িতে কোনো দালান নেই। পাশের বাড়ির আবদুল মালেক, শাহজাহান মিয়া ও ফজলুল হক বলেন, ওই দিন মারামারির ঘটনা তো দূরের কথা, বাদী গ্রামেই আসেননি। তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে না এসেই আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।মঙ্গলবার রাতে শফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে যাইনি, এটা সত্য। তবে গ্রামে গিয়ে মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলেই প্রতিবেদন জমা দিয়েছি।’ পাকা দালান সম্পর্কে তিনি বলেন, ‘এটি কম্পিউটারে টাইপ করার সময় হয়তো ভুল হয়ে গেছে।’ ৪ নম্বর বিবাদীর ঘটনার চার দিন আগে বিদেশে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সাক্ষীরা আমাকে যা বলেছেন, সেটিই প্রতিবেদনে লিখেছি।’ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।