দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই তাগিদ দিয়ে বলেন, নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এই সরকারের পতন ঘটানো কঠিন কোনো কাজ নয়।
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী। এতে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
আমীর খসরু সরকারের সমালোচনা করে বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনের পর এই অবৈধ সরকার জনগণের ওপর আবার চেপে বসেছে। দেশে হত্যা, গুম, অপহরণ নিত্যদিনের ঘটনা। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। দেশের মানুষ এই অবৈধ সরকারের হাতে নিরাপদ নয়।’
আমীর খসরু আরও বলেন, এই সরকার তাঁবেদার। মানুষের কাছে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। গ্রহণযোগ্যতা হারিয়ে এবং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এরা চার দেয়ালের মধ্যে থেকে রাষ্ট্র চালাচ্ছে। জনগণের কাছে ফিরে যাওয়ার সৎ সাহস তাদের নেই। মানুষের কাছে এই অবৈধ সরকারের এমপি-মন্ত্রীরা হাস্যরসে পরিণত হয়েছেন। আর রাজনৈতিক বৈধতা ছাড়া তাঁরা যে কাজ করছেন, তার জন্য জনগণের কাছে তাঁদের জবাবদিহি করতে হবে। এ জন্য কাউকে ছাড় দেওয়া হবে না।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী সরকারের সমালোচনা করে বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। ব্যবসা-বাণিজ্য বলতে কিছু নেই। দেশের সাধারণ মানুষের অবস্থাও ভালো নয়। তাই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। খালেদা জিয়া যখন যে আন্দোলনের ডাক দেবেন তাতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে শত শত নেতা-কর্মী বিক্ষোভ সমাবেশে যোগ দেন। উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন।