'মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিক বিষচক্রে আছে'
রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, অনেক বছর ধরে দেশের মানুষ দুই ধরনের বিষচক্রে আছে—অর্থনৈতিক বিষচক্র ও রাজনৈতিক বিষচক্র। যারা ক্ষমতায় আসছে, তারাই দুর্নীতি করছে। এতে করে মানুষ একবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে, আবার তাদের ওপর ক্ষিপ্ত হয়ে বিএনপিকে ভোট দিচ্ছে।
গতকাল সোমবার সকালেসাপ্তাহিক-এর উদ্যোগে রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘উন্নয়ন, জ্বালানি ব্যবস্থাপনা ও জনস্বার্থ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সঞ্চালক ছিলেন সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মোর্তোজা।
বৈঠকে লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, রাষ্ট্র এখন এ, বি ও সি—এই তিন ভাগে বিভক্ত। ‘এ’ তে আওয়ামী লীগ, ‘বি’ তে বিএনপি এবং ‘সি’ তে সিটিজেন বা নাগরিক। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য এ এবং বি-এর অত্যাচার থেকে সি-কে রক্ষা করা।’
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আগামী নির্বাচনে ভোট দেবে জনগণ। অথচ নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি শক্তির সঙ্গে রাজনৈতিক দলের আলাপ-আলোচনা চলছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ এম এম আকাশ, পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি ডি রহমত উল্লাহ।