'মানুষ আর কত সহ্য করবে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার টানা হরতালের চতুর্থ দিনে রাজধানীর চেহারা ছিল ভিন্ন। বাকি তিন দিন গাড়ি চলাচল কম হলেও গতকাল সকাল থেকেই গাড়ি চলেছে অনেক। হরতালে প্রায় অদৃশ্য থাকা ব্যক্তিগত পরিবহনও দুপুরের আগেই রাস্তায় দেখা গেছে। কিছু কিছু বিপণিবিতান খোলা ছিল সকাল থেকেই। রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত বিপণিবিতানে কেনাকাটা করতে এসেছিলেন লালমাটিয়ার গৃহবধূ রোকসানা পারভীন। হরতালের এমন ঢিলেঢালা ভাব দেখে বলছিলেন, ‘মানুষ আর কত সহ্য করবে বলেন? সারা বছর তো ওনারা হরতাল-মারামারি নিয়ে থাকেন। এ মাসে এসব কী? এখন আর কোনো হরতাল মানুষ মানবে না।’
টানা চার দিনের হরতাল, একেবারে নতুন নয় এ দেশে। কিন্তু পবিত্র রমজান মাসে এ পরিস্থিতি আগে হয়নি। এ হরতাল পাল্টে দিয়েছে অনেকের অনেক পরিকল্পনা। রোকসানার পরিকল্পনা ছিল একমাত্র ছেলের স্কুল ছুটি হলেই চলে যাবেন বাবার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। এর আগে কিছু কেনাকাটা সারতে চেয়েছিলেন। কিন্তু হরতালের কারণে বেরোতে পারেননি। শেষে এক প্রকার জোর করেই এসেছিলেন কেনাকাটায়।
ঢাকার বাইরে যাওয়ার তাড়া না থাকলেও একটি বেসরকারি ব্যাংকের পদস্থ কর্মকর্তা, ধানমন্ডির বাসিন্দা সফিকুল হায়দারের আগেভাগে কেনাকাটার কারণটা ভিন্ন। ঈদের কেনাকাটা মানে রাস্তা-বিপণিবিতানে ভিড়। সেই ভিড় এড়াতে রমজানের একেবারে শুরুতেই কেনাকাটার পালা সাঙ্গ করতে চান। ছুটির দিনে বেশি ভিড়, তাই অফিস শেষে যত কষ্টই হোক বের হন বাসা থেকে। পরিকল্পনা ভেস্তে গেল এবার। হরতালে সন্ধ্যার পর দোকান খোলা থাকলেও তিনি বের হননি। কেন? ‘সন্ধ্যার পর বের হব, কিন্তু ভরসা পাইনি। শহরে অনেক জায়গায় গন্ডগোল হয়েছে সন্ধ্যায়।’ বলছিলেন সফিকুল।
আবার অনেকের কাছে এ আগাম কেনাকাটার কারণ, দামে কিছুটা কম পাওয়ার আশা। তেজগাঁওয়ের রেলওয়ে কলোনির জিয়াতুন বেগম এঁদের একজন। তিনি অন্যের ঘরে রান্না করেন, স্বামী ছোট ফলের দোকানি। তিন ছেলেমেয়ের জন্য কিছু কিনে দিতে তাঁর ভরসা ফার্মগেটের ফুটপাতের দোকান। তিনি বলছিলেন, ‘বড়লোকেরা যখন ইচ্ছা তখন খরিদ করতে পারে। আমরা তো তা পারি না। এহন জিনিসপত্তর একটু কমে পাইতাম। এহন আর তা অইব না।’ এর কারণ হিসেবে তিনি মনে করেন, টানা চার দিনের হরতালে আজ শুক্রবার দোকানে চাপ বাড়বে। এতে দোকানিরাও দাম বাড়াবেন।
রশিদুল ইসলাম চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন গত সোমবার সকালে। পরদিন হরতাল শুরু। মেয়ে পড়ে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। মোহাম্মদপুরে বোনের বাসায় উঠে একটি দিনও বের হতে পারেননি। আজ শুক্রবার চলে যাবেন। দিনে যতটুকু সময় পান, তাতেই কোনোরকমে বাড়ির সবার ও ঢাকায় থাকা মেয়ের কেনাকাটা সারবেন। তাঁর কথা, ‘ঈদের কেনাকাটার আনন্দ এবার নষ্ট হলো ভয়ে। বাকি দিনগুলো আছে, দলগুলার প্রতি অনুরোধ করি, এমন হরতাল ডাকিয়া আর কষ্ট দিবেন না।’