মানুষ এখন কথা বলতে ভয় পাচ্ছে। এতে করে মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যা খুশি লিখে অনেকেই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। গতকাল মঙ্গলবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দ্য স্টেট অব প্রেস ফ্রিডম ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে’ শীর্ষক এ আলোচনার আয়োজক ইউনেসকো বাংলাদেশ, মাস লাইন মিডিয়া সেন্টার ও ইনস্টিটিউট অব কমিউনিকেশনস স্টাডিজ।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে মানবাধিকার নেত্রী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘মানুষ কথা বলতে ভয় পাচ্ছে সেটা আমরা অস্বীকার করতে পারব না। কথা বলতে বা মত প্রকাশ করতে না পারা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।’ তিনি বলেন, সবকিছুই যে সরকার করে দেবে তা নয়, নাগরিকদেরও দায়িত্ব আছে। গণতান্ত্রিক চর্চার যে ঘাটতি রয়েছে, সেটা থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দেন তিনি।
সুলতানা কামাল বলেন, সবকিছু আইন বা কমিশন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। এ জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোটাও বিবেচনায় রাখতে হবে। যেসব জায়গায় সুরক্ষা দেওয়া দরকার, সেখানে না দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরং আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় ঠেলে দেওয়া হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, যেসব কমিশন ও প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেটি বিবেচনায় রাখতে হবে। এসব প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করতে পারলে অনেক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের সমালোচনা করেন। তিনি বলেন, ‘যেসব তথ্য-উপাত্ত দিয়ে প্রতিবেদনগুলো তৈরি হয় সেগুলোর গ্রহণযোগ্যতা কোথায়। যেসব মানদণ্ড নির্ধারণ করে মূল্যায়ন করা হচ্ছে সেটা আমরা কেন মানব?’
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া। সেখানে তিনি কিছু সুপারিশ তুলে ধরে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর আরও গুরুত্ব দিতে হবে। আইসিটি আইনের ৫৭ ধারা নিয়ে যে বিতর্ক রয়েছে, সেটি সংশোধন কিংবা বাতিল করা উচিত।
সেমিনারে স্বাগত বক্তব্যে ইউনেসকো বাংলাদেশের প্রধান বিয়েত্রিস কালদুন বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্য পাওয়ার অধিকার গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের জন্য এ বিষয়ে নজর দেওয়া জরুরি।
অনলাইন সংবাদপত্র বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন সৈয়দ বদরুল আহসান, সালিম সামাদ, রবিউল আলম, সুপ্রীতি ধর প্রমুখ।