'মানুষ জঙ্গিবাদ প্রশ্রয় দেবে না'
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গতকাল বুধবার সন্ধ্যায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়েছে। এ ছাড়া গাইবান্ধা সদর উপজেলায় গতকাল সমাবেশ ও পঞ্চগড়ে গত মঙ্গলবার সন্ধ্যায় সচেতনতামূলক জনসভা হয়েছে।
দিনাজপুরে প্রধান অতিথি সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোটই দেশে জঙ্গিবাদের ধারক ও বাহক। তারা অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। কিন্তু দেশের মানুষ অসাম্প্রদায়িক। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করে। দেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস বা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেবে না।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: বোচাগঞ্জের মুর্শিদহাট ইউনিয়নের পিরিতির বাজারে সন্ধ্যায় জঙ্গিবাদবিরোধী ওই সমাবেশ হয়। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশেন চন্দ্র রায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নইম উদ্দীন শাহ ও মো. জাফরুল্লাহ, সাধারণ সম্পাদক আফছার আলী, যুগ্ম সম্পাদক এ টি এম মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রমজান আলী ও মো. শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক সুব্রত অধিকারী, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রেজা খান, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।
গাইবান্ধা: সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের বাজে চিথুলিয়া গ্রামে দুপুরে ওই সমাবেশ হয়। জেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও জেলা পুলিশ যৌথভাবে ওই সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক আবদুস সালাম। বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলাম, সদর থানার ওসি মেহেদী হাসান, ফুলছড়ি থানার ওসি খায়রুল বাশার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যসচিব প্রতাপ ঘোষ প্রমুখ।
পরে ঢাকার ল্যাবএইডের সহযোগিতায় গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণউন্নয়ন কেন্দ্র বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০ জন মানুষের প্রত্যেকের মধ্যে আট কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক কেজি তেল বিতরণ করে। ত্রাণ বিতরণ করেন ডিআইজি গোলাম ফারুক।
পঞ্চগড়: মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার টুনিরহাট উচ্চবিদ্যালয় মাঠে সচেতনতামূলক জনসভা হয়। সদর উপজেলার কামাত-কাজলদিঘি, চাকলাহাট ও হাঁড়িভাসা ইউনিয়ন আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে।
সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদর থানার এসআই কাইয়ুম আলী, কামাত-কাজলদিঘি ইউপির চেয়ারম্যান মোজাহার আলী, চাকলাহাট ইউপির চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন প্রমুখ।