'মানুষ দুই দলের কাছে জিম্মি হয়ে পড়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আওয়ামী লীগ-বিএনপির দুই নেত্রীর জেদাজেদির কারণে হামাগরক পেটত গামছা বান্দে দিন পার করা লাগবে। রিকশা না চালালে পেটত ভাত জোটে না। শোনোচি তিন দিন হরতাল হবে। গেল কাল দেশোত ৬ জন নাকি মচে। এই তিন দিনে আরও কয় জনে মরে কে জানে।’ হরতালের বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট শহরের নতুন হাট এলাকার রিকশাচালক সুকুমার রবিদাস এ মন্তব্য করেন।
শুধু রিকশাচালকেরা নন, শহরের ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও হরতালের কারণে ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন।
শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ‘ঘড়ি ঘর’-এর ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন বলেন, জেদের কারণে দেশ কোন দিকে যাবে, কত প্রাণহানি ঘটবে, অর্থনীতির কতটা ক্ষতি হবে, তা বড় দুই দল ভেবে দেখছে না। মানুষ এই দুই দলের কাছে জিম্মি হয়ে পড়েছে। এ থেকে মানুষ পরিত্রাণ চায়।
জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় লেপ-তোষক তৈরি করে বিক্রি করেন আবুল হোসেন। তিনি বলেন, শীত মৌসুম শুরু হতে যাচ্ছে। এ মৌসুমেই তাঁদের কাজ বেড়ে যায়। তিন দিন হরতালের কারণে তাঁদের দোকান বন্ধ রাখতে হবে। চুক্তিভিত্তিক কর্মচারীরাও তিন দিন বেকার থাকবেন। দুই নেত্রী যেভাবে অনড় অবস্থানে রয়েছেন, তাতে দেশের অবস্থা ভালো মনে হচ্ছে না। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়বে।
শাহাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন আহম্মেদ বলেন, যেভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, তাতে দেশের ক্ষতি ছাড়া লাভ হবে না। শিক্ষার্থীদের পড়াশোনার মারাত্মক ব্যাঘাত ঘটবে।
জয়পুরহাট শহরের আমতলী এলাকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক অমল চন্দ্র বলেন, এই অটোরিকশা চালিয়ে তিনি সংসার চালান। তিন দিনের হরতালে তিনি অটোরিকশা চালাতে পারবেন না। ফলে তাঁর সংসারে দুর্ভোগ নেমে আসবে। শেখ হাসিনা ও খালেদা জিয়া সাধারণ মানুষের
দুঃখ-দুর্দশার কথা বুঝলে দুজনেই দেশের শান্তির জন্য কাজ করতেন। তাঁদের কথাবার্তা শুনে মনে হচ্ছে না, দেশে শান্তি হবে।