‘মানুষ নতুন কইরা জাইগা উঠছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিলেট শহীদ মিনারে এত মানুষ এর আগে কখনো দেখিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যেন মানুষের ঢল নেমেছিল। শিক্ষক, শিক্ষার্থী, বৃদ্ধ, যুবক, তরুণ, শিশু—কে নেই? সব মানুষ ভাষাশহীদদের স্মরণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে।’ কথাগুলো বললেন নগরের আম্বরখানা এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব ইসমত আলী। গতকাল বৃহস্পতিবার কথা হয় নগরের বিভিন্ন শ্রেণী-পেশার ২৮ জন ব্যক্তির সঙ্গে। তাঁদের অভিন্ন বক্তব্য, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলেও এবারই ব্যতিক্রমভাবে এই দিনটিতে ভাষাসংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিও উঠেছে। সকাল সাড়ে ১০টায় রিকশাচালক রিজাজ উদ্দিন (২৯) শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একগুচ্ছ গোলাপ নিয়ে শহীদ মিনারে এসেছেন। তিনি বলেন, ‘রিকশা চালাইয়া সকালে ১০০ টাকা ইনকাম করছি। এর মইধ্যে ৫০ টাকা দিয়া পাঁচটা গোলাপ ফুল কিনছি শহীদরার লাইগা। দেশের মানুষ নতুন কইরা জাইগা উঠছে। আমি বাদ যাই কেমনে?’ দুই সন্তানকে নিয়ে নগরের চৌহাট্টা এলাকার গণজাগরণ মঞ্চে এসেছেন সুলতানা ইয়াসমিন। তিনি বলেন, ‘তারুণ্যের গণজাগরণ দেখাতেই সন্তানদের নিয়ে এখানে এসেছি। টিভিতে দেখে দেখে আমার দুই বাচ্চা সারাক্ষণ “তুই রাজাকার, তুই রাজাকার” বলে চিৎকার করে ওঠে। বাস্তবে তাদের সেই দৃশ্য দেখাতে নিয়ে এসেছি। এ ছাড়া এখানে আসার কারণে দেশের প্রতি ওদের মমত্ববোধ আরও বাড়বে বলে আমি মনে করি।’ বন্দরবাজার এলাকার ব্যবসায়ী খালিকুজ্জামান বলেন, ‘আমি মনে করতাম, সিলেটের প্রগতিশীল আন্দোলন বোধ হয় ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে। কিন্তু আমার ধারণা যে ভুল, তার প্রমাণ পেলাম কাদের মোল্লার রায়ের পরপরই। যেভাবে সিলেটবাসী এ রায় প্রত্যাখ্যান করে জেগে উঠেছেন, সেটা এককথায় অভাবনীয়।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না ইসলাম বলেন, ‘শহীদ মিনারে যত মানুষ বাড়ছে, ততই খুশিতে মন ভরে উঠছে। আর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দেশব্যাপী যে গণজাগরণ তৈরি হয়েছে, সেটার সুফল ঘরে নেওয়া না পর্যন্ত আমরা ফিরে যাব না।’ এমসি কলেজের শিক্ষার্থী ইসমাইল মাহমুদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের সঠিক বিচার না নিয়ে যে তরুণ প্রজন্ম ঘরে ফিরছে না, এটা নিশ্চিতভাবেই বলা যায়।’ সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরই নাট্য পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের ব্যবস্থা করা হয়। এ বছর অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। পাঁচ শতাধিক সংগঠন এবার পুষ্পস্তবক অর্পণ করেছে। প্রথম প্রহর থেকে দিনব্যাপী হাজার হাজার মানুষ শহীদ মিনারে স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এর মধ্যে তরুণদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এসব তরুণের একটাই দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসি।’