‘মানুষ বাজেট বোঝে না, বাজার বোঝে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট নিয়ে আলোচনায় বেশির ভাগ সাংসদ মূল্যস্ফীতিকে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছে। আলোচনায় অংশ নিয়ে মহাজোটের শরিক হাসানুল হক ইনু বলেন, ‘মানুষ বাজেট বোঝে না, বাজার বোঝে। মানুষ প্রবৃদ্ধি বোঝে না, চাল, ডাল, তেলের দাম বোঝে।’সরকারি দলের সাংসদ আবদুল মতিন খসরু বলেন, ‘জিনিসপত্রের দাম বোঝে মানুষ, প্রবৃদ্ধি বা বাজেট বোঝে না। জনগণ বাজারের থলিতে বাজেট বোঝে।’মহাজোটের আরেক শরিক জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, চাল, ডাল, তেলের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে গতকাল রোববার এসব আলোচনা হয়।বাজেট আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, দারিদ্র্য যে বেড়েছে তার কারণ এই নয় যে, খাদ্যপণ্য দেশে নেই। বরং ক্রয়ক্ষমতা না থাকায় দারিদ্র্য হয়েছে। দারিদ্র্য নিরসনে প্রস্তাবিত বাজেটে যেসব ভাতার প্রস্তাব রয়েছে, তা প্রশংসার দাবি রাখে।হাসানুল হক ইনু বাজেট আলোচনার শুরুতে বলেন, গ্রাম, কৃষক ও নারীদের উন্নয়নে মহাজোট গত দুটি বাজেট দিয়েছে। কিন্তু এবারের বাজেটে মনে হচ্ছে, সরকার পিছু হটেছে। সরকার কৃষিতে ভর্তুকি কমিয়েছে, সারের দাম বাড়িয়েছে। তিনি প্রস্তাব করেন, সারের দাম আগের মতো ১২ টাকা কেজি করা হোক। ইনু বলেন, শেয়ার কেলেঙ্কারির প্রেক্ষাপটে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু যারা এর জন্য দোষী তাদের কারাগারে পুরে এসে বাজেট দেননি অর্থমন্ত্রী। শেয়ার কেলেঙ্কারির নায়কদের কেন সরকার ছাড় দিচ্ছে, তা তিনি জানতে চান।হাসানুল হক ইনু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে মওদুদ আহমদের পরামর্শ না শোনার আহ্বান জানিয়ে বলেন, ‘মওদুদ প্রতিদিন একটা করে মিথ্যাচার করে যাচ্ছেন। উনি বিচারপতিদের বয়স বাড়িয়ে সমস্যা করেছিলেন। মওদুদ আহমদ রাজনীতির কালো ঘোড়া। আমি খালেদা জিয়াকে বলব, মওদুদের একটি কথাও শুনবেন না।’