‘মানুষ বাজেট বোঝে না, বাজার বোঝে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট নিয়ে আলোচনায় বেশির ভাগ সাংসদ মূল্যস্ফীতিকে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছে। আলোচনায় অংশ নিয়ে মহাজোটের শরিক হাসানুল হক ইনু বলেন, ‘মানুষ বাজেট বোঝে না, বাজার বোঝে। মানুষ প্রবৃদ্ধি বোঝে না, চাল, ডাল, তেলের দাম বোঝে।’সরকারি দলের সাংসদ আবদুল মতিন খসরু বলেন, ‘জিনিসপত্রের দাম বোঝে মানুষ, প্রবৃদ্ধি বা বাজেট বোঝে না। জনগণ বাজারের থলিতে বাজেট বোঝে।’ মহাজোটের আরেক শরিক জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, চাল, ডাল, তেলের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে গতকাল রোববার এসব আলোচনা হয়।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, দারিদ্র্য যে বেড়েছে তার কারণ এই নয় যে, খাদ্যপণ্য দেশে নেই। বরং ক্রয়ক্ষমতা না থাকায় দারিদ্র্য হয়েছে। হাসানুল হক ইনু বলেন, শেয়ার কেলেঙ্কারির প্রেক্ষাপটে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু যারা এর জন্য দোষী তাদের কারাগারে পুরে এসে বাজেট দেননি অর্থমন্ত্রী। শেয়ার কেলেঙ্কারির নায়কদের কেন সরকার ছাড় দিচ্ছে, তা তিনি জানতে চান। ইনু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে মওদুদ আহমদের পরামর্শ না শোনার আহ্বান জানিয়ে বলেন, ‘মওদুদ প্রতিদিন একটা করে মিথ্যাচার করে যাচ্ছেন। উনি বিচারপতিদের বয়স বাড়িয়ে সমস্যা করেছিলেন। তিনি রাজনীতির কালো ঘোড়া।’এর আগে আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সাংসদ আবদুস সালাম বলেন, দ্রব্যমূল্যের কারণে মধ্য আয়ের মানুষের জীবন দুর্বিষহ হচ্ছে। টি আই এম ফজলে রাব্বি চৌধুরী বলেন, মন্ত্রণালয়গুলো এডিপি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। কিন্তু এ বিষয়ে সচিবদের কাছে কৈফিয়ত তলব করা হয় না। সচিবেরা কি কৈফিয়তের ঊর্ধ্বে, তিনি প্রশ্ন রাখেন। তিনি বলেন, প্রতিবছর এপ্রিল-মে-জুন সময়ে ঈদ ও পূজার উৎসবে যেভাবে কেনাকাটা চলে, সেভাবে লুটপাটের জন্য খরচ করা হয়। টিপু মুনশি বলেন, শেয়ারবাজারে ৩০ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। শেয়ারবাজারকে চাঙ্গা করতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখার জন্য তিনি অর্থমন্ত্রীকে অনুরোধ জানান। ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, স্কুল এমপিও করার জন্য টাকা নেই। কিন্তু টাকা দেবে এই সংসদ। স্কুল এমপিওভুক্ত করতেই হবে। সারাহ বেগম কবরী দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের ভিডিও পাইরেসি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। ওমর ফারুক চৌধুরী সঠিকভাবে ঋণ ও সুদ পরিশোধ করলে তাঁদের বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব দেন। এস এম মান্নান বলেন, ৪৫ হাজার কোটি টাকার ঘাটতি নিয়ে বাজেট তৈরি না করে ভারসাম্যপূর্ণ বাজেট প্রস্তুত করা হলে ভালো হতো।বাজেট আলোচনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সাংসদ মোশাররফ হোসেন, নাসরিন জাহান, রফিকুল ইসলাম, আমানউল্লাহ, খন্দকার আবদুল বাতেন, নজরুল ইসলাম, জাকির হোসেন, এম এ জব্বার, জয়নাল আবেদিন, আনোয়ার হোসেন, কাজী কেরামত আলী প্রমুখ।