'মানুষ বিশ্বাস করতে চায় না দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘মানুষ বিশ্বাস করতে চায় না দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। এটা স্বীকার করতে লজ্জা নেই, এটাই সত্য।’
গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্টদের (বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা) সঙ্গে এক মতবিনিময় সভায় সংস্থাটির চেয়ারম্যান এসব কথা বলেন।
দুদকের চেয়ারম্যান বলেন, ‘সব অর্জনই নষ্ট হয়ে যাচ্ছে দুর্নীতির কারণে। দুদকের ওপর মানুষের বিশ্বাস আছে কি নেই, আমি সেই তর্কে যাব না। তবে এটা সত্য, মানুষ বিশ্বাস করতে চায় না দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে। আমরা সেই রকম কাজ করতে পারিনি বলে এই বিশ্বাসহীনতা, এটা স্বীকার করতে আমার লজ্জা নেই, এটাই সত্য।’ তিনি আরও বলেন, ‘এই দায় শুধু আমাদের না, সমাজের সকল স্তরের মানুষের। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায় বেশি।’
সরকারি কর্মকর্তারা ঠিক থাকলে কারও পক্ষে দুর্নীতি করা সম্ভব নয় মন্তব্য করে ইকবাল মাহমুদ বলেন, ‘আপনি যদি ঠিক থাকেন, তাহলে বড়জোর বদলি কিংবা একটু মানহানি হতে পারে। এই ভয় থেকেই আমরা (সরকারি কর্মকর্তা-কর্মচারী) সমঝোতা করি, আর এই সমঝোতাটাও দুর্নীতি। শুধু ঘুষ খাওয়াই যে দুর্নীতি, এটা ঠিক নয়।’
কর্মকর্তাদের উদ্দেশে দুদকের চেয়ারম্যান বলেন, ‘সরকারি বড় বড় প্রকল্পে দুর্নীতি দূর করার সক্ষমতা আমাদের নেই। এই বিষয়টি আপনারাই দেখবেন। কোন কোন প্রকল্পে দুর্নীতি হতে পারে, তা আমাদের জানানোর দায়িত্ব আপনাদেরই। আপনাদের উচিত, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, সোচ্চার হওয়া।’
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। দুদকের আরেক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। বক্তব্য দেন অতিরিক্ত সচিবদের মধ্যে সড়ক ও জনপথ বিভাগের শফিকুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাহমুদা বেগম ও তথ্য মন্ত্রণালয়ের এ এস এম মাহবুবুল আলম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক রওশন আরা জামান, যুগ্ন সচিবদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আমিনুল ইসলাম খান, খাদ্য মন্ত্রণালয়ের মো. মোস্তফা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শফিক আহমেদ এবং উপসচিবদের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের শায়লা ফারজানা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওহাব খান প্রমুখ।