'মানুষ ভজলে সোনার মানুষ পাবি'
‘মনের ভেতর কাম, ক্রোধ, হিংসা ও লোভ নামে রিপুগুলো বাস করে। এসব রিপুকে যে মানুষ বশে রাখতে পেরেছেন, তিনিই প্রকৃত মানুষ হয়ে উঠেছেন। কিন্তু এই রিপুগুলো বশে রাখা খুবই কঠিন কাজ। শুধু একগাদা বই পড়ে লাভ নাই। আগে মানুষকে ভালোবাসতে হবে। সাঁইজি তো সে জন্যই বলে গেছেন, মানুষ ভজলে সোনার মানুষ পাবি।’ খালি গায়ে পাকা চুল আর দাড়িতে চিরুনি দিতে দিতে একনাগাড়ে কথাগুলো বলে গেলেন বাউল রশিদ ফকির। নওগাঁ থেকে সাঁইজির ধামে এসেছেন আরও ১২ জনকে সঙ্গে নিয়ে। সাঁইজির আধ্যাত্ম-সান্নিধ্য পাওয়ার আশায় ২৮ বছর ধরে এখানে আসছেন তিনি।
সরকারিভাবে পাঁচ দিনের লালন স্মরণোৎসবের তৃতীয় দিন ছিল গতকাল শনিবার। শেষ হবে সোমবার। তাই শুক্রবার সাধুসঙ্গ শেষ হওয়ার পরও অনেক বাউলই থেকে গেছেন। সোমবার পর্যন্ত সাঁইজির আখড়ায় পড়ে থেকে তাঁর আধ্যাত্ম-দর্শন লাভের চেষ্টা করবেন। ভবের এই বাজার থেকে নিজ নিজ হৃদয় পরিপূর্ণ করে নিয়ে তবেই ফিরবেন তাঁরা।
গতকাল সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুর রউফ। আলোচনা শেষে গান করেন লালন একাডেমির শিল্পীরা। সাধু বাউলদের কার্যক্রম শেষ হলেও লালন একাডেমির আয়োজনে সাত দিনব্যাপী মেলা বেশ জমেছে। আখড়াবাড়িমুখী দুটি সড়কে গতকাল সন্ধ্যার আগেই নামে মানুষের ঢল। মেলায় আকিক পাথর, আজমেরি সুতা, রুদ্রাক্ষ, শীতলগোটা, কইলজা ফল, নীলগিরি, চক্রমতীর মালা, তাবিজ আর মাদুলি কেনার ধুম পড়েছে। বিভিন্ন স্থান থেকে লোকজন আখড়াবাড়িতে এসে গান শুনছেন, একটু ঘুরেফিরে আর কেনাকাটা করে চলে যাচ্ছেন।