সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) আওয়ামী লীগের প্রার্থী মুহিবুর রহমান মানিকের সঙ্গে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু নির্বাচনের মাঠে নেই আশরাফ। গত কয়েক দিন তাঁর কোনো প্রচার-প্রচারণাও দেখা যায়নি।
তবে আশরাফ হোসেন বলেন, ‘আমার গণসংযোগ শেষ। দেখছেন না সিলেটের পত্রিকায় লেখছে “কোমরে রশি বেঁধে মাঠে নেমেছেন আশরাফ’’, সঙ্গে ছবিও ছাপছে। জয়ের ব্যাপারে আমি ১০০ ভাগ আশাবাদী।’
বিএনএফের জেলা আহ্বায়ক আরশ আলী খান বলেন, ‘জয় বড় কথা নয়। বুঝেন তো একতরফা নির্বাচন, ভোটও হবে একতরফা। মানুষ ভোটে যাবে কি না, এটাই সন্দেহ।’
নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচনী দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, ‘এখানে দুজন প্রার্থী আছেন। প্রতিদ্বন্দ্বিতা বলতে যা বোঝায়, তাঁদের মধ্যে সেটি হবে বলে মনে হয় না। তার পরও ভোট গ্রহণের সব প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের তো দায়িত্ব পালন করতেই হবে।’