'মানুষ মেরে লাভ কার, সীমাহীন ধিক্কার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শান্তির জন্যে হোক প্রতিবাদ’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা আইনজীবী, আমরা শিল্পী, গণজাগরণ মঞ্চসহ (একাংশ) বেশ কিছু সংগঠন জাতীয় প্রেসক্লাব থেকে সহিংসতাবিরোধী একটি মৌন মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করে। ছবিটি প্রেসক্লাব এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
‘শান্তির জন্যে হোক প্রতিবাদ’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা আইনজীবী, আমরা শিল্পী, গণজাগরণ মঞ্চসহ (একাংশ) বেশ কিছু সংগঠন জাতীয় প্রেসক্লাব থেকে সহিংসতাবিরোধী একটি মৌন মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করে। ছবিটি প্রেসক্লাব এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

‘মানুষ যখন আগুনে পুড়ে যায়, তখন খুব কষ্ট লাগে। মানুষ রাজনীতিবিদদের হাত থেকে বাঁচতে চায়। তাদের জন্য এত এত নিরাপত্তা, আমাদের জন্য কই? ’ ‘শান্তির জন্যে হোক প্রতিবাদ’ স্লোগান নিয়ে পেট্রলবোমা ও আগুনে মানুষ পোড়ানোর প্রতিবাদে আসা সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী ও রাজনীতিবিদদের কণ্ঠে ছিল এমন কথাই।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মৌন পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তাঁরা। সেখানে ১০ মিনিট নীরবতা পালন করেন তাঁরা। পরে ব্যক্তিগতভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপস্থিত কয়েকজন বিশিষ্ট পেশাজীবী।

বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘প্রথম পরিচয় আমরা মানুষ, আমরা বাংলাদেশি। দেশে যে অবস্থা, তা চলতে দেওয়া যায় না। মানুষ যখন আগুনে পোড়ে তখন আমাদের খুব কষ্ট লাগে। ম্যাচের কাঠিতে হঠাৎ আঙুলের মাথায় লাগলে কী কষ্ট হয়! আর সারা শরীর পুড়ে গেলে কত কষ্ট হতে পারে? যারা মানুষকে আগুনে পোড়ায়, তাদের যদি দুই হাত পুড়িয়ে দেওয়া যেত, তাহলে তারা বুঝত কেমন কষ্ট। ’ তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘একটা মানুষকে প্রটেক্ট করতে যদি এত এত গাড়ি, ইট, বালির গাড়ি নেওয়া হয়, তাহলে আমাদের এই বিরাট জনগোষ্ঠীকে কে প্রটেক্টশন দেবে? আমাদের নির্বিঘ্নে, নিশ্চিন্তে চলার অধিকার দিতে হবে। সহিংসতা বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশকে শান্তির জনপদ হিসেবে দেখতে চাই। ’ সহিংসতা বন্ধে দুই নেত্রীর সমঝোতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘আমরা যখন রাস্তায় চলাচল করি, তখন সরকারকে দেখছি না। আমরা নিরাপদে থাকতে চাই। রাজনীতিবিদদের জন্য আমাদের এই কষ্ট। রাজনীতিবিদদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। দুই নেত্রীকে সমঝোতায় আসতে হবে। সমঝোতায় না এলে তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। একসময় রাজনীতিবিদদের হয়তো পাকিস্তানিদের মতো লেজ গুটিয়ে পালাতে হবে। ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন বলেন, সরকারকে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে সহিংসতা মোকাবিলা করতে হবে। রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রয়োজনে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ বলেন, ‘যেভাবে আমার হাত পুড়ে দেয়, সেভাবে তাদের করা উচিত। তারা কী জানে না, যে বাসে তারা আগুন দেয় সেই বাসেও তাদের আত্মীয় থাকতে পারে। এ জন্য আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। ’

সাংসদ নূরহাজান মুক্তা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি বারবিকিউ উৎসব বন্ধ করেন। নয়তো জনগণই আপনাদের বারবিকিউ বানিয়ে ছাড়বে। ’

নানা স্লোগান: জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বেলা ১১ টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে মৌন মিছিল নিয়ে এগিয়ে যান সহিংসতার প্রতিবাদ জানাতে এগিয়ে আসা ব্যক্তিরা। এ সময় ‘মানুষ মেরে লাভ কার, সীমাহীন ধিক্কার’, ‘পুড়ছে মানুষ জ্বলছে দেশ, জাগুক বিবেক কাঁদছে দেশ’, ‘আমার স্বজন কেন পুড়ে কয়লা হবে? ’, ‘নাশকতার এ কী রূপ, এটি কি আমার বাংলার রূপ’, ‘আমরা সহিংসতার বিরুদ্ধে’ স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হন তাঁরা। তাঁদের মধ্যে ছিলেন সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কর্মসূচির অগ্রভাগে ছিলেন সাংবাদিক আবেদ খান, নঈম নিজাম, অভিনেতা ইনামুল হক, এ টি এম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, হাসান মাসুদ, চিত্রনায়িকা নিপুণ, সাবেক ক্রিকেটার আকরাম খান, নাঈমুর রহমান, খালেদ মাহমুদ, নাট্যকার মোহন খান, অভিনেত্রী ডলি জহুর, তারানা হালিম, মুনিরা ইউসুফ মেমী, সাবেরী আলম, আজাদ আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সহিংসতার বিরুদ্ধে মৌন মিছিল করে সেক্টর কমান্ডারস ফোরাম, ন্যাপ-ভাসানী, প্রাণের ’৭১, জয়বাংলা চেতনা পরিষদ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শহীদ মিনারে মৌন অবস্থান করে। এদিকে, সহিংসতার বিরুদ্ধে শহীদ মিনারে গণজাগরণ মঞ্চও (একাংশ) প্রতিবাদী কার্টুন ও গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করে।