'মানুষ সমাজ ও ইতিহাসকে বিশ্লেষণ করেছেন তিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশব থেকে শুরু করে কীভাবে একজন মানুষ ধীরে ধীরে পৃথিবীতে নিজের স্থান করে নেয়, তারই কাহিনি বর্ণনা করা হয়েছে জীবনস্মৃতিতে মানুষ দেশ বিজ্ঞান বইটিতে। বইয়ের লেখক মুহাম্মদ ইব্রাহীম জীবনে চলার পথে যেভাবে চারপাশের মানুষ আর প্রকৃতি দেখেছেন, নিপুণ সাহিত্যের ভাষায় তা বলে গেছেন।
মুহাম্মদ ইব্রাহীমের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মৃতিতে মানুষ দেশ বিজ্ঞান-এর প্রকাশনা অনুষ্ঠান গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের বই বিপণিকেন্দ্র বাতিঘরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন সভাপতিত্ব করেন। বইটি নিয়ে আলোচনা করেন ইতিহাসবিদ শামসুল হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ।
বক্তারা বলেন, মুহাম্মদ ইব্রাহীম শুধু একজন বিজ্ঞানী নন, এই বইটি লিখে তিনি প্রমাণ করেছেন তিনি একজন কথাসাহিত্যিকও বটে। অত্যন্ত সরস ভাষায় জীবনের যাবতীয় অভিজ্ঞতার খুঁটিনাটি বিষয়সহ মানুষ, সমাজ ও ইতিহাসকে বিশ্লেষণ করেছেন।
আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন বলেন, এটি একটি অসাধারণ সাহিত্যকর্ম। বইটিতে আত্মপ্রচার ও আমিত্ব প্রাধান্য পায়নি। আত্মজীবনী হলেও এই গ্রন্থটিতে উঠে এসেছে সময়ের প্রকৃত প্রতিবিম্ব। তাতে ধরা পড়েছে বিচিত্র মানুষ, ক্রমেই পরিবর্তনশীল সমাজ ও প্রকৃতি।
বইটির লেখক মুহাম্মদ ইব্রাহীম বলেন, ছোটবেলা থেকেই আত্মজীবনী পড়তে তাঁর ভালো লাগে। এ রকম বইয়ের মাধ্যমে একজন মানুষকে চেনার পাশাপাশি তার সমসাময়িক দেশ রাষ্ট্র ও সংস্কৃতিকে জানা যায়। পৃথিবীর বিভিন্ন লেখকের লেখা আত্মজীবনী পড়তে পড়তে একদিন তাঁর নিজের ভেতরেও আত্মজীবনী লেখার স্বপ্ন জেগে ওঠে। বইটি যদি ভালো লাগে তবেই পরিশ্রম সফল হবে।