'মানুষ হিসেবেও বড়, শিল্পী হিসেবেও বিশাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইয়ুম চৌধুরী
কাইয়ুম চৌধুরী

শিল্পী কাইয়ুম চৌধুরী। কখনো নিজে ছবি আঁকছিলেন আবার কখনো ছবি আঁকার বিষয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলছিলেন। কখনো একা একাই গাইছিলেন জাতীয় সংগীত, কখনো ঠোঁট মেলাচ্ছিলেন অন্যের গাওয়া ‘পুরোনো সেই দিনের কথা’ গানটির সঙ্গে। বলছিলেন শিল্প ও শিল্পী নিয়ে নিজের স্বপ্নের কথা।
কাইয়ুম চৌধুরী মারা গেছেন গত ৩০ নভেম্বর। কিন্তু গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শতাধিক শিক্ষার্থী, দেশবরেণ্য শিল্পী ও গুণীজনেরা শিল্পী কাইয়ুম চৌধুরীকে আরেকবার দেখলেন।
অনুষদ আয়োজিত শিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণাঞ্জলি অনুষ্ঠানে শিল্পীকে নিয়ে বিভিন্ন সময়ে ধারণ করা একটি ভিডিওচিত্র দেখানো হয়। প্রায় ৪০ মিনিটের সেই ভিডিওচিত্রে উঠে এসেছে দেশবরেণ্য প্রয়াত এ শিল্পীর পারিবারিক কিছু মুহূর্তও।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সূচনা বক্তব্যের পরই শিল্পীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ডিন বলেন, ‘শিক্ষার্থীদের অনেকটা জোর করে হয়তো এখানে বসিয়ে রেখেছি। কিন্তু সারা বছরে যে শিক্ষা তোমরা গ্রহণ করো, কাইয়ুম চৌধুরীর জীবনের আলোচনা থেকে এর চেয়ে অনেক ভালো শিক্ষা এ সময়ে তোমরা পাবে।’
মিলনায়তনের বড় পর্দায় দেখানো হয় ভিডিওটি। এরপর শিল্পী কাইয়ুম চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণা করেন শিল্পী মুস্তাফা মনোয়ার। তিনি বলেন, ‘চিরস্মরণীয় একজন ব্যক্তি। মানুষ হিসেবে যেমন বড়, একজন শিল্পী হিসেবেও তেমন বিশাল।’ বললেন, ‘কাইয়ুম ভাই ভীষণ রসিক মানুষ ছিলেন। আশ্চর্যজনকভাবে তিনি সকলের প্রিয় ছিলেন।’
শিল্পী হাশেম খান বলেন, সারা জীবন তিনি বলেছেন, “বক্তৃতা দিতে আমি ভয় পাই, বলতে পারি না।” কিন্তু সেদিন তিনি এত সুন্দর করে, শৈল্পিকভাবে একটার পর একটা কথা বলে যাচ্ছিলেন। সেদিনের পর তিনি আর কথা বলবেন না বলেই হয়তো অসাধারণ এক বক্তৃতা দিয়েছিলেন।’
শিল্পী রফিকুন নবী সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরীর মৃত্যুসংবাদ আগের দিনই শিল্পী কাইয়ুম চৌধুরীকে দিয়েছিলেন বলে জানান। সে সময়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কাইয়ুম ভাই আমাকে বললেন, “আচমকা মরে যাওয়াটা একদিক দিয়ে ভালো।” সেই আচমকা মৃত্যুটা কাইয়ুম ভাইয়ের পরদিন হলো।’
কাইয়ুম চৌধুরীর ছেলে মইনুল ইসলাম বলেন, ‘নিজের চোখে বাবার মৃত্যু দেখলাম। সবাই বলছে গৌরবান্বিত বিদায়। কিন্তু আমার জন্য এ বিদায় অত্যন্ত কষ্টের।’
অধ্যাপক মামুন কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও শিল্পসমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক। উপস্থিত ছিলেন শিল্পী আবুল বারক আলভী, শিল্পী হামিদুজ্জামান, শিল্পী শহীদ কবির, শিল্পী আবদুল মান্নান, শিল্পী মনিরুজ্জামান প্রমুখ।