'মানুষকে পুলিশের অত্যাচার বরদাশত করা হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষকে অত্যাচার করলে তা বরদাশত করা হবে না বলে নিজ বাহিনীর সদস্যদের হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে পুলিশ সদস্যদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আবদুল জলিল মণ্ডল বলেন, ‘পুলিশের দু-চারজন খারাপ লোকের জন্য পুরো বাহিনীর বদনাম হচ্ছে। সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। চাকরি করি, বেতন পাই—এ মনোভাব নিয়ে কাজ করলে আনন্দ পাওয়া যায় না। মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ করছি—এ মনোভাব থাকতে হবে। পুলিশের জন্ম মানুষের সেবা করার জন্য, মানুষকে অত্যাচার করতে নয়। মানুষকে অত্যাচার করে কোনো পুলিশ সদস্য রেহাই পাবে না।’
নগর পুলিশ কমিশনার বলেন, কোনো বিপদে পড়লে মানুষ প্রথমেই পুলিশের কাছে ছুটে আসে। এ ক্ষেত্রে মানুষকে সেবা করার সুযোগ বেশি পান পুলিশ সদস্যরা। কাজের মাধ্যমে এটি প্রমাণ করতে হবে।
টহল দেওয়ার সময় সাধারণ মানুষের সঙ্গে বাড়াবাড়ি না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন নগর পুলিশ কমিশনার। তিনি বলেন, পুলিশকে মাটির সঙ্গে মিশে গিয়ে কাজ করতে হবে। যার সঙ্গে দেখা হবে, তাকে প্রথমেই সালাম দিতে হবে। সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে। কোনো ভালো মানুষকে অত্যাচার করা যাবে না।
ঢাকায় চা-দোকানি দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকার বিষয়ে আবদুল জলিল মণ্ডল বলেন, এটি পুলিশের কাজ নয়। কেউ অপরাধী হলে পুলিশ আইনগতভাবে ব্যবস্থা নেবে।
সভায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান বলেন, ‘সোনার বার, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ায় নগর পুলিশের একাধিক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সবাইকে সতর্ক হতে হবে। একজন আরেকজনের ওপর নজর রাখতে হবে। কেউ অপরাধে জড়িয়ে পড়ছে জানতে পারলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে, যাতে অপরাধটা করতে না পারে।’
পরে নগর পুলিশ কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের শপথ পাঠ করান। এ সময় তিনি বলেন, ‘আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না। দায়িত্ব সঠিকভাবে পালন করব। কাউকে অত্যাচার করব না।’
সভা শেষে নগরের কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান প্রথম আলোকে বলেন, ‘কমিশনার স্যারের এ নির্দেশ পালন করলে কোনো পুলিশ অপরাধে জড়াবে না। মানুষকে অত্যাচার করবে না। আমরা সবাই তা পালন করব।’
সভায় উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান, উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, উপকমিশনার (সদর) ফারুক আহমেদ প্রমুখ।