'মানুষের আইনের জন্য কেউ সম্পদের মালিক, কেউ গৃহহীন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমন্ত্রী শামসুর রহমান বলেছেন, ‘মানুষের পাঁচটি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা এগুলো মানুষের জন্য নিশ্চিত করছেন। কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষের গড়া আইন, অর্থব্যবস্থা ও সমাজব্যবস্থার কারণে কেউ অঢেল সম্পদের মালিক, কেউ অন্ন, বস্ত্রহীন-গৃহহীন, সম্পদহীন।’
দিনাজপুরের হাকিমপুরে বোয়ালদাড় ইউনিয়নের পালীবটতলী-১ গুচ্ছগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী শামসুর আরও বলেন, ২০১৭ সালের মধ্যে ৫০ হাজার গৃহহীন মানুষকে গুচ্ছগ্রামের মাধ্যমে ঘর দেওয়া হবে। ভূমি ব্যবস্থাপনা বর্তমানে ১৬ কোটি মানুষের সমস্যা। এ সমস্যা নিরসনে সরকার ভূমি ব্যবস্থাপার আধুনিকায়নের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। সঞ্চালনা করেন হিলি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। স্বাগত বক্তব্য দেন গুচ্ছগ্রাম-২ পর্যায়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাহবুব-উল আলম। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু হায়দার মো. ফয়জুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ শুকরিয়া পারভীন, পৌর মেয়র জামিল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সবুর প্রমুখ।
উদ্বোধন শেষে মন্ত্রী একটি আমলকি, একটি তেজপাতা ও একটি লিচুর গাছ রোপণ করেন।