'মানুষের আস্থা অর্জনে সরকারি অফিসগুলো ব্যর্থ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অফিসগুলোর সেবা নিয়ে কোনো গণশুনানিতেই ভালো কথা শোনা যায়নি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দীন আহমেদ। তিনি বলেন, তারা এখনো সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করতে পারেনি।

আজ সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রম নিয়ে গণশুনানিতে নাসিরউদ্দীন এসব কথা বলেন।
এ পর্যন্ত ১৩টি গণশুনানির তথ্য তুলে ধরে দুদক কমিশনার বলেন, জনগণের করের টাকায় সরকারি অফিসগুলো চলে। সেবা পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার। তাই সরকারি অফিস যদি সেবা দিতে না পারে তাহলে এগুলো থেকে লাভ কী?
দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেন, এ গণশুনানির উদ্দেশ্য হচ্ছে বিআরটিএর সেবা পাওয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে, তা চিহ্নিত করে সমস্যা সমাধানের পথ বের করা।
বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিআরটিএর অফিসে ভোগান্তি রয়েছে। তবে অনেক সময় মিথ্যা অভিযোগ নিয়ে এসে বিআরটিএ অফিসকে হয়রানি করার নজিরও আছে।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধি হিরোকি ওয়াতানাবে প্রমুখ।
গণশুনানিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৩৮ জন অভিযোগকারী বিভিন্ন অনিয়ম ও হয়রানির বিষয়ে তাঁদের অভিযোগ তুলে ধরেন।