'মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে পার্বত্য জেলা পরিষদগুলো '

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন ও কল্যাণে পার্বত্য জেলা পরিষদগুলো কাজ করে যাচ্ছে। পার্বত্য এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ কথা বলেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে চারটায় রাঙামাটি সফররত ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২০১৬ সালের কোর্সের প্রশিক্ষণার্থী দলের কাছে পার্বত্য জেলা পরিষদের বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্স মিলনায়তনে এ ব্রিফিং করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুণেন্দু ত্রিপুরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লে. জেনারেল চৌধুরী হাসান সোরওয়ার্দীর নেতৃত্বে এনডিসি প্রশিক্ষণার্থী দলে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সৌদি আরব, পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, নেপাল, মিয়ানমার ও ব্রুনাইয়ের সেনা, নৌ ও বিমানবাহিনীর ৩২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্ম ও সমাজসেবার মতো মৌলিক বিষয় ছাড়াও ৩০টি হস্তান্তরিত সরকারি বিভাগ ও বিষয় নিয়ে স্থানীয় অধিবাসীদের সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে তাঁরা দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। এ ছাড়া দেশের দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্যার্থে কাজ করেছেন। পার্বত্য এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য।
ব্রিফিংয়ে সফরকারী কর্মকর্তাদের পক্ষে রাঙামাটি রিজিয়ন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক ও রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বক্তব্য দেন। তাঁরা বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোর বিশেষ শাসনব্যবস্থা সম্পর্কে জানতে পেরে এনডিসি কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তারা উপকৃত হয়েছেন।
এর আগে ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন পরিপ্রেক্ষিত এবং প্রতিবন্ধকতাসমূহ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকারিয়া। এ সময় পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।