'মানুষের জীবন নিয়ে ওরা নাটক করছে'

‘পেট্রলবোমা জামায়াত মেরেছে, না আওয়ামী লীগ মেরেছে, তা আমরা জানি না। আমরা কাউকে বিশ্বাস করি না। মানুষের জীবন নিয়ে ওরা নাটক করছে।’
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় নিহত যশোর শহরের নুরুজ্জামান পপলুর খালাতো বোন আফরোজা পারভীন ভাই কামরুজ্জামান ডাবলুকে জড়িয়ে ধরে এভাবে বিলাপ করছিলেন। দুর্বৃত্তদের ওই পেট্রলবোমা নুরুজ্জামানের সঙ্গে কেড়ে নিয়েছে মেয়ে মাইশা তাসনিমেরও প্রাণ। গতকাল মঙ্গলবার যশোর শহরের সেন্ট্রাল রোডে নুরুজ্জামানের বাড়ির শোকাবহ পরিবেশ সেখানে আসা লোকজনকে ছুঁয়ে যায়।
আফরোজা পারভীন জানান, নুরুজ্জামান তাঁর ব্যবসার কাজে চট্টগ্রামে যাবেন শুনে মেয়ে কক্সবাজার যাওয়ার বায়না ধরে। প্রিয় মেয়ের বায়না ফেলতে পারেননি তিনি। স্ত্রী-মেয়েকে নিয়ে তিনি চট্টগ্রামে যান। কাজ শেষে তাঁরা কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথেই পেট্রলবোমায় প্রাণ দিতে হলো বাবা-মেয়েকে।
মাইশা যশোর পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ জানালেন, ‘মাইশা মেধাবী ছাত্রী ছিল। শিক্ষকেরা তাকে পছন্দ করতেন।’
মাইশার সবচেয়ে কাছের বন্ধু সানজানা ইসলাম। গত শনিবার মাইশার সঙ্গে ফেসবুকে সানজানার শেষ খুদে বার্তা আদান-প্রদান হয়েছে। সানজানা জানায়, মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল মাইশার। অবরোধের কারণে স্থগিত থাকা শিক্ষা সফর নিয়ে সবচেয়ে বেশি পরিকল্পনা করেছিল মাইশা। সে বলেছিল, সবাই একই রকম পোশাক পরবে। বাসের ভেতরে নাচ-গান করবে। কিছুই ওর দেখা হলো না।
নিহত মাইশার বড় ভাই মাথিন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে পড়ছেন। তিনি আহত মা এবং বাবা ও বোনের মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা হয়েছেন।
এদিকে নিহত নুরুজ্জামানকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যশোর জেলা কমিটির সদস্য উল্লেখ করে দলের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। জেলা কমিটির সভাপতি রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কায়েস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পিতভাবে ঘটানো এ হত্যাকাণ্ডে দেশের শান্তিপ্রিয় জনগণ ক্ষুব্ধ ও শোকাহত।