
প্রথম আলোর ১৮ বছর পূর্ণ হলো আজ শুক্রবার। দেশব্যাপী বন্ধুসভার উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, আবৃত্তি ও সংগীত পরিবেশন, শোভাযাত্রা প্রভৃতি।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের ১১ শিক্ষার্থীকে নতুন পোশাক উপহার দেওয়া হয়। এর আগে সকাল নয়টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রথম আলোর এজেন্ট ও হকারদের মিষ্টিমুখ করানো হয়। সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বন্ধুসভার সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন আবৃত্তি পর্ষদের পরিচালক মরিয়ম শেলী, শিক্ষক বারিকুল ইসলাম, শেখ সেলিম ও আমিরুল ইসলাম।
পরে বন্ধুসভার সদস্যদের কণ্ঠে ‘১৮ বছর বয়স কী দুঃসহ’ গান ও আবৃত্তি পর্ষদের সদস্যদের অংশগ্রহণে সমবেত আবৃত্তি পরিবেশিত হয়। এরপর শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পিরোজপুর: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রথম আলো শুধু সংবাদ পরিবেশন করে করে না, প্রথম আলো দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সব শ্রেণি-পেশার মানুষের নির্ভরতার জায়গা হলো প্রথম আলো। প্রথম আলোর এই অগ্রযাত্রা যুগ যুগ ধরে অব্যাহত থাকুক।
চাঁদপুর: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর বন্ধুসভার সহযোগিতায় নানা কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত শহরের বাবুরহাটের সরকারি শিশু পরিবারের ১৭০ জন এতিম নারী ও শিশুর বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
রক্ত পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এতে সহায়তা করেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রদীপ কুমার দত্তের নেতৃত্বে মেডিকেল টেকনোলজিস্ট সিরাজুল ইসলাম ও তাঁর দল।
এর আগে প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য আইভি রহমানের পরিচালনায় ‘তরুণদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের ওপর উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন নারীরা। প্রথম আলো দেশকে এগিয়ে নিতে তরুণদের কাজে লাগাচ্ছে। এভাবে যদি আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিতে চেষ্টা করি, তাহলে মাদকমুক্ত ও জঙ্গিমুক্ত একটি সুন্দর দেশ উপহার দিতে পারব।’
নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেন, ‘আমরা যুদ্ধ করেছি শান্তির জন্য স্বাধীনতার জন্য। আমি চাই তোমরা নিজেকে, এ দেশকে সেই চেতনায় ভালো কাজের সঙ্গে আরও এগিয়ে নিয়ে যাবে।’
এ ছাড়া বেলা সাড়ে ১১টায় শিশু পরিবার প্রাঙ্গণে অতিথি ও শিশু পরিবারের সদস্যদের নিয়ে প্রথম আলোর জন্মদিনের কেক কাটেন নারী পুলিশ সুপার শামসুন্নাহার। পরে শিল্পী মৃণাল সরকারের পরিচালনায় শিল্পী সৌমিতা আচার্যী, প্রীতম সরকার, জামিলা বিনতে ও সৈকত মজুমদার গান পরিবেশন করেন।
ফরিদপুর: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশনার আয়োজন করা হয়। পরে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম বলেন ‘আমার বয়স ১৮। আমি এখন বুঝতে পারি কোনটা ভালো, কোনটা মন্দ। আমার কি করা উচিত, আর কি করা উচিত নয় তাও আমি জানি। আমি দেখেছি আমার মা ও বাবা আমার জন্য কত কষ্ট করেন। আমি আজ তাদের চেয়ে অনেক বেশি কষ্ট করতে পারব। কেন না আমার বয়স ১৮।’

যশোর: আজ বিকেল চারটায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রা শেষে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ক্যাম্পাসে ‘তরুণরাই এগিয়ে নেবে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাই পুরস্কারজয়ী আঞ্জেলা গোমেজ তরুণদের উদ্দেশে বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা নতুন দিনের স্বপ্ন দেখি। যেখানে নারী নির্যাতন থাকবে না, কেউ অ্যাসিডে পুড়বে না, কেউ কাউকে কোপাবে না। আমার দেশ নিয়ে, ধর্ম নিয়ে, মানবতা নিয়ে কেউ কাড়াকাড়ি করবে না। তরুণরাই এ স্বপ্ন এগিয়ে নেবে। এ জন্য তরুণদের স্যালুট। আর তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য প্রথম আলোকেও স্যালুট।’
আলোচনা সভা শেষে সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশনার আয়োজন করা হয়।

বগুড়া: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বগুড়ার আঞ্চলিক কার্যালয়ে সুধী সম্মিলনীর আয়োজন করা হয়। এই আয়োজনে অতিথি ও পাঠকদের আড্ডা, কেক কাটা ও মিষ্টিমুখ করানো ছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথিরা বলেন, দল নিরপেক্ষ সংবাদনীতি, সততা, জবাবদিহি ও স্বচ্ছতার মাধ্যমে সুসাংবাদিকতার ধারা ১৮ বছরে আরও প্রশংসিত হবে। অ্যাসিড ও মাদকবিরোধী আন্দোলন, অদম্য মেধাবীদের পড়াশোনায় বৃত্তি প্রদান, শুদ্ধ ভাষাচর্চায় ‘ভাষা প্রতিযোগ’, সুস্থ বিনোদন চর্চায় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান ভীতি কাটাতে ‘গণিত অলিম্পিয়াড’ ও বিজ্ঞান জয়োৎসব, নানা সমস্যা-সম্ভাবনা নিয়ে গোলটেবিলের আয়োজনসহ প্রথম আলোর নানা কর্মকাণ্ডের আয়োজন অব্যাহত থাকবে। সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা ডিঙিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রথম আলোর এই পথচলা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তাঁরা।
বাগেরহাট: ‘এ দেশের বুকে ১৮ আসুন নেমে’ স্লোগান নিয়ে বাগেরহাটে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবে পাঠক, শুভানুধ্যায়ী ও সমাজের বিশিষ্টজনদের নিয়ে কেক কাটা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির প্রথম দিনে আজ নড়াইলের বধ্যভূমিতে (জজ আদালতের পাশে) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সবাই দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার শপথ গ্রহণ করেন।
রাজশাহী: নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এসব কর্মসূচিতে তারুণ্যের জয়গানের পাশাপাশি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিকেল চারটায় নগরের পদ্মাপাড়ের লালন শাহ মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরে শোভাযাত্রা বের করা হয়।
এদিকে একটি ভালো কাজের অংশ হিসেবে রাজশাহী বন্ধুসভার বন্ধুরা নগরের ২৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন গাছে লাগানো পেরেক তোলেন এবং জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন। প্রচারপত্রে বলা হয়, ‘গাছেরও প্রাণ আছে। আঘাত করলে মানুষের মতোই কষ্ট পায় গাছ। গাছের দেওয়া অক্সিজেন নিয়েই আমরা বেঁচে থাকি। এমন অকৃত্রিম বন্ধুর গায়ে আমরা অনেকে তুচ্ছ কারণে পেরেক ঠুকে দিতে দ্বিধা করি না। আসুন গাছ থেকে পেরেক উঠিয়ে আমরা প্রাণের প্রকৃত মর্যাদা দিই।’

রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক মিঠন আলী সরদার বলেন, তাঁরা নগরের পঞ্চবটি থেকে শুরু করে প্রায় তালাইমারী পর্যন্ত বাঁধের গাছগুলো থেকে পেরেক তোলেন। এ সময় একজন ঘটকের সবচেয়ে বেশি সাইনবোর্ড পাওয়া যায়। পরে ফোনে বিষয়টি তাঁকে বোঝালে তিনি ক্ষমা প্রার্থনা করেন। নগরের অন্যান্য স্থানে গাছে লাগানো সাইনবোর্ডগুলো খুলে ফেলারও অঙ্গীকার করেন তিনি।
পটুয়াখালী: আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিকেলে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিকেল সাড়ে তিনটার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া বিকেল তিনটার দিকে শহরের ৬০ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। পরে পটুয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ড. আতাহার উদ্দিন মিলনায়তনে এসে শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথিদের মিষ্টি মুখ করিয়ে আপ্যায়ন করা হয়। আলোচনা সভা শেষে সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশনার আয়োজন করা হয়।

টাঙ্গাইল: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে শহরের শহীদ মিনার চত্বর থেকে টাঙ্গাইল বন্ধুসভার উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে একটি ভালো কাজের অংশ হিসেবে শহরের সুবিধা বঞ্চিত একজন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।
চট্টগ্রাম: প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও বন্ধুসভার সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ধরা হয়েছে ‘‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’’। এর মাধ্যমে আমরা তারুণ্যকে আহ্বান করতে চেয়েছি। তারুণ্যের জয়গান গাইতে চেয়েছি। এ দেশ ও জাতি যেভাবে জরা-বার্ধক্যে উপনীত হচ্ছে, যেভাবে জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিষবাষ্প চারদিকে ছড়িয়ে পড়ছে—সে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য তারুণ্যকে আহ্বান জানাচ্ছি। তারুণ্যের প্রতিটি ইতিবাচক ও শুভ কাজে স্বাগত জানাই।’

বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ারা আলম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘প্রথম আলো প্রত্যাশা করছে এ দেশের বুকে আঠারো নেমে আসুক। যুগে যুগে দেখেছি তারুণ্যই হচ্ছে শক্তি। পেছনে তাকালে দেখতে পাই, ভাষা আন্দোলন, ষাটের দশকের আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন-সব কিছুতেই পথ দেখিয়েছে তরুণেরাই। কিছু করার শ্রেষ্ঠ সময় হচ্ছে তারুণ্য।’
আলোচনা সভার আগে নগরের ডিসি হিল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।