'মানুষের বিকাশের জন্য বই পড়লেই হবে'
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, মানুষ জন্মেছে প্রাণী হয়ে। সেটা এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ হচ্ছে বিকশিত মানুষ। মানুষের বিকাশের জন্য কেবল বই পড়লেই হবে। কারণ যে বই পড়ে, সে কবিতাও পড়ে, গান শোনে, চিত্রকলা বোঝে। পূর্ণিমার আলো, নীল আকাশ সবই বোঝে।
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগরের স্কুলপর্যায়ে বই পড়া কর্মসূচি ২০১৬-এর পুরস্কার বিতরণী উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধনী পর্বে আবদুল্লাহ আবু সায়ীদ পুরস্কার নিতে আসা হাজারো শিক্ষার্থীর উদ্দেশে বই নিয়ে তাঁর এই ভাবনার কথা বলেন।
এর আগে আবদুল্লাহ আবু সায়ীদ আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন। এই দুই দিনে তিনটি আলাদা পর্বে ঢাকা মহানগর এলাকার ১১১টি বিদ্যালয়ের মোট ৫ হাজার ৬৯৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। তারা প্রত্যেকে ২০১৬ সালের বই পড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়েছে।
উৎসব উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-সংলগ্ন মাঠে বসেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা। মাঘের সকালের শীত উপেক্ষা করে সকাল সাড়ে আটটার মধ্যেই উৎসব প্রাঙ্গণে হাজির হয় কয়েক হাজার বইপড়ুয়া কিশোর-কিশোরী।
উৎসবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সালের বই পড়া কর্মসূচিতে ঢাকা মহানগর এলাকার মোট ২০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এ বছর সারা দেশে সব কর্মসূচি মিলিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের মোট পাঠক সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ। এর মধ্যে ২৩ লাখই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।
উদ্বোধনী পর্বে বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এই বয়সে তোমরা যে বই-ই পড়বে, ভবিষ্যতে সেটা কোনো না কোনো কাজে লাগবে। ২০৩০ সালের মধ্যে আমরা একটা সমৃদ্ধ জাতিতে পরিণত হতে চাই। আমরা আশা করব, তোমাদের মাধ্যমেই সেই সমৃদ্ধি আসবে।’
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, জ্ঞানের চেয়ে কল্পনাশক্তি বেশি প্রয়োজন। বই মানুষের সেই কল্পনাশক্তিকে উসকে দেয়। বাংলাদেশের সবাই যদি বই পড়ে, তাহলে এই দেশকে নিয়ে আর চিন্তা করতে হবে না।
প্রতিবছর অনুষ্ঠিত এই উৎসবের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, ‘আমার ধারণা, এর থেকে সুন্দর অনুষ্ঠান পৃথিবীতে আর একটাও নেই। কারণ এখান থেকে পুরস্কার না পেয়ে কেউ মন খারাপ করে ফেরে না।’
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন শিক্ষার্থীদের আরও বেশি বই পড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের সামনে এসে দাঁড়ালে নিজেকে খুব আলোকিত মনে হয়। তোমাদের আলোয় একদিন বাংলাদেশ আলোকিত হবে।’
কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বিশ্বখ্যাত প্রকৌশলী ফজলুর রহমান খানের একটি উক্তি স্মরণ করিয়ে দিয়ে বলেন, জীবন হলো সংগীত। জীবন হলো নাটক। জীবন হলো সাহিত্য। সবচেয়ে বড় কথা, জীবন হলো মানুষ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রকৌশলী রফিক উদ্দিন বলেন, ‘তোমরা সৌভাগ্যবান যে বই পড়ার জন্য তোমাদের পুরস্কৃত করা হচ্ছে। আমাদের অভিভাবকেরা এ জন্য আমাদের তিরস্কার করতেন। তাঁদের ধারণা ছিল পাঠ্যবইয়ের বাইরে সবকিছুই নাটক-নভেল। আর এগুলো যারা পড়ে, তারা সবাই নষ্ট হয়ে যায়।’
এই উৎসবের পৃষ্ঠপোষক গ্রামীণফোন লিমিটেডের অ্যাক্টিং হেড অব কমিউনিকেশন তালাত কামাল বিশ্বসাহিত্য কেন্দ্রকে অভিহিত করেন একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রতিষ্ঠান হিসেবে। তাঁর মতে, বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি বাংলাদেশের তরুণ প্রজন্মকে উদ্ভাসিত করছে।
উৎসবের উদ্বোধনী পর্বে সূচনা বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ। আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ।
উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বেলা আড়াইটায়।