
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সারা দেশের মানুষ যেভাবে এম ইলিয়াস আলীকে ভালোবাসে, ঠিক তেমনি বৃহত্তর সিলেটের সব আন্দোলন এবং সর্বশেষ টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সিলেটের মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন ইলিয়াস আলী। গুম করে রেখে সাময়িক আড়াল হলেও মনের মণিকোঠায় আছেন তিনি। তাঁকে গুম করে রাখায় ভবিষ্যতে আওয়ামী লীগকে চরম খেসারত দিতে হবে।
নিখোঁজের চার বছর পূর্ণ হওয়ার দিন গতকাল রোববার দুপুরে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘ইলিয়াস মুক্তিসংগ্রাম পরিষদ’ আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে বিএনপির নেতারা এসব কথা বলেন।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে বিএনপির নেতা এম ইলিয়াস আলী ও গাড়িচালক আনসার আলী ‘নিখোঁজ’ হন। বিএনপির কেন্দ্র থেকে শুরু করে সিলেট বিএনপির নেতাদের অভিযোগ, বিরোধী রাজনীতি দমন করতে ইলিয়াসকে সরকারই ‘গুম’ করেছে। ইলিয়াস ও গাড়িচালক আনসারকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত হয় ‘ইলিয়াস সংগ্রাম পরিষদ’ নামের একটি আন্দোলন মোর্চা।
২০১২ সালের ১৭ এপ্রিলের পর থেকে প্রতিবছর এপ্রিলের ১৭ তারিখ ইলিয়াসের সন্ধান দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে সংগ্রাম পরিষদ। গতকাল নিখোঁজের চার বছর পূর্ণ হওয়ার দিন দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সংগ্রাম পরিষদ। এতে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একাত্ম হন।
প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে সমাবেশও হয়। সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সাংসদ দিলদার হোসেন বলেন, ‘ইলিয়াস আলীর নেতৃত্ব তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত ছিল। এই একজনকে দিয়ে বিএনপির রাজনীতি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ধ্বংস করতেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। তাঁর খোঁজ না পাওয়া পর্যন্ত সন্ধান দাবির আন্দোলন অব্যাহত রাখা হবে।’
ইলিয়াস মুক্তিসংগ্রাম পরিষদের সদস্যসচিব এ টি এম ফয়েজের সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নুরুল হুদা, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর দিনার খান, ইলিয়াস মুক্তিসংগ্রাম ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান, যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন, যুবদলের আবদুল মালেক, ছাত্রদলের আবদুল কাইয়ুম প্রমুখ বক্তব্য দেন।