'মানুষের সঙ্গে আন্তরিক হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রা​ম সার্কিট হাউসে গতকাল আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভায় (বাঁ থেকে) বিভাগীয় কমিশনার রুহুল আমীন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এবং জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার l ছবি: প্রথম আলো
চট্টগ্রা​ম সার্কিট হাউসে গতকাল আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভায় (বাঁ থেকে) বিভাগীয় কমিশনার রুহুল আমীন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এবং জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার l ছবি: প্রথম আলো

দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে সরকারি কর্মকর্তাদের দক্ষতা ও আন্তরিকতার ওপর। জনসাধারণকে সেবা দিতে দায়বদ্ধ সরকারি কর্মকর্তারা। সেবা নিতে আসা মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করাও শুদ্ধাচারের একটি মৌলিক বিষয়। জনসেবা ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’ শীর্ষক এ সভার আয়োজক চট্টগ্রাম জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, চট্টগ্রাম বিনিয়োগ বোর্ডের পরিচালক মাহবুব কবীর, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার সাহাব উদ্দিন, মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা প্রমুখ।
সভায় বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি কর্মকর্তারা সবচেয়ে বেশি জনসেবার সুযোগ পান। কোনো ব্যক্তি যখন সেবা নিতে আসবেন, তাঁর কাজ হোক বা না হোক, কর্মকর্তার ভালো ব্যবহারেই কিন্তু তিনি সন্তুষ্টি নিয়ে ফিরে যেতে পারেন। সেবাগ্রহীতার সঙ্গে আন্তরিক ব্যবহারের মাধ্যমেই দায়বদ্ধতার অনেকখানি পালন করা যায়। এ জন্য কর্মকর্তাদের মনমানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনা খুব জরুরি।
জেলা পুলিশ সুপার বলেন, টেকসই উন্নয়নের জন্য সরকারি নানা সংস্থার কাজের মধ্যে ভারসাম্যপূর্ণ সমন্বয় থাকতে হবে। সরকারি সংস্থাগুলোতে কর্মকর্তাদের কাজের ক্ষেত্রে যে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা রয়েছে, সেটিকে সচল করতে হবে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, প্রত্যেক কর্মকর্তা নিজ নিজ উদ্যোগে জনসেবায় পরিবর্তন আনতে পারেন।