'মানুষের স্বাস্থ্য রক্ষায় অন্য প্রাণীদের স্বাস্থ্যে নজর দিতে হবে'
অ্যানথ্রাক্স, নিপা ভাইরাস, ব্রুসেলোসিস, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু এবং ডায়রিয়ার মতো ভয়াবহ রোগ পশুপাখির মাধ্যমে মানবদেহে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী মানুষের শরীরে সৃষ্ট ৭০ ভাগ রোগের জীবাণু বহন করে পশুপাখি। তাই মানুষের স্বাস্থ্য রক্ষা করতে হলে পশুপাখিদের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। এদের রোগ প্রতিরোধে বিশেষ নজর দিতে হবে।
প্রাণিচিকিৎসক ও গবেষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ২৩তম বৈজ্ঞানিক সম্মেলনে এসব কথা বলেন প্রাণিবিজ্ঞানীরা। ‘প্রাণীর রোগ নিয়ন্ত্রণে প্রস্তুতি’ প্রতিপাদ্য সামনে রেখে আজ শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন করা হয়। বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য মো. আলী আকবর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসভিইআরের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মাহবুব মোস্তফা। উদ্বোধন অনুষ্ঠানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদ্য নিযুক্ত বাংলাদেশ প্রতিনিধি সুজান লোরাইন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম, রেনেটা অ্যানিমেল হেলথ ডিভিশনের প্রধান মো. সিরাজুল ইসলাম বক্তব্য দেন।
সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষা, গবেষণা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত চার শর প্রাণিচিকিৎসক ও গবেষক অংশ নিচ্ছেন। এতে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণা উন্নয়নে বিশেষ অবদানের জন্য জার্মানির লিপজিক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক থমাস ভালেন ক্যাম্পকে বর্ষসেরা গবেষকের সম্মাননা প্রদান করা হয়। দুই দিনব্যাপী ওই সম্মেলনে তিনটি বৈজ্ঞানিক সেশনে দেশ-বিদেশের গবেষকদের ১০৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।