'মান্নাকে মুক্তি দিয়ে পিতার মতো উদারতা দেখান'
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে মুক্তি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর মতো উদারতা দেখানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরী। গতকাল শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণের কর্মিসভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আর এক দিনও দেরি না করে, হাইকোর্টের রায়ের অপেক্ষা না করে আপনার পিতার মতো মহানুভবতা দেখান। আপনি বলেন, মাহমুদুর রহমান মান্না, আপনি মুক্ত।’ তিনি বলেন, ‘তাঁকে আটকে তাঁর গলা টিপে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।’
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবু বকর সিদ্দিক।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে মান্না আটক হন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা রয়েছে।