
‘আমাগো কষ্ট কেউ দ্যাহে না বাপু। আমরা কয়টা বছর ধইরা গাঙের পারে পইরা রইলাম। আমাগো কাছে কেউ আইলো না। মান্নান কিছু করলো না। ভোট দিলাম সালমারে, সে-ও আমাগো দেখলো না। আমাগো রাস্তায় থাহা ছাড়া উপায় নাই।’
আক্ষেপের সঙ্গে আজ শনিবার কথাগুলো বললেন ঢাকার অদূরে নবাবগঞ্জের নয়াবাড়ী ইউনিয়নে পদ্মার ভাঙনের শিকার নয়াডাঙ্গী গ্রামের রোকেয়া বেগম (৬০)।
সরকার আসে সরকার যায়, কিন্তু পদ্মা পারের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। চলতি বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে গত কয়েক দিনে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোত বইছে। সেই সাথে বাড়ছে ভাঙনও। এলাকাবাসীর আতঙ্কে দিন কাটছে। কখন যেন বসতভিটা চলে যায় নদীগর্ভে।
আজ সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট, নয়াডাঙ্গী, অরঙ্গাবাদ, পানকুন্ড ও ধোয়াইর এলাকার মানুষ পদ্মার ভাঙন থেকে আশ্রয় নিতে ঘর-দরজা সরানোর কাজে উদ্বিগ্ন হয়ে পড়েছে। চার থেকে পাঁচটি পরিবারকে বেড়িবাঁধের ওপর ঘর তুলে আশ্রয় নিতে দেখা যায়।
এ ছাড়া দোহার-নবাবগঞ্জ রক্ষায় কাশিয়াখালী বেড়িবাঁধের ধোয়াইর বাজার-সংলগ্ন দেওয়ান বাড়ির মোড়ে প্রায় ১০০ মিটার ভেঙে গেছে। গত দুই বছরে বাঁধের কিছু অংশ ভাঙনের পর কোনো ধরনের সংস্কারকাজ না করায় দোহার-নবাবগঞ্জের লক্ষাধিক মানুষ হুমকিতে রয়েছে। তাদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে উত্তাল পদ্মার পানির চাপে এই বেড়িবাঁধের বেশির ভাগ অংশ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।
বাহ্রাঘাটের এক মুদি ব্যবসায়ী বলেন, সাবেক সাংসদ এম এ মান্নান খান নদীভাঙন রোধে কিছুই করেননি। বর্তমান সাংসদ সালমা ইসলাম নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন নির্বাচিত হলে পদ্মার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুম শুরু হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ ব্যাপারে সাংসদ সালমা ইসলাম প্রথম আলোকে বলেন, পদ্মার ভাঙন প্রতিরোধে দোহারবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করা হবে। কাগজপত্রে সব প্রক্রিয়া সম্পন্ন। নতুন অর্থবছরের টাকা ছাড় পেলেই কাজ শুরু করা হবে।
ধোয়াইর গ্রামের আ. হালিম (৫৫) বলেন, ‘সরকার আমাগো জন্যে প্রতিশ্রুতি দিলেও আমরা কিছুই পেলাম না। ওনারা শুধু আশ্বাস দিয়ে যায়। বর্তমানে আমরা মাইনসের বাড়িত আশ্রয় নিছি। এইডাও কোন সুম যেন ভাইঙ্গা যায়।’