ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের একটি গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূকে নির্যাতনের ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে মামলার প্রধান আসামি জসিম মোল্লার চাচাতো ভাই জুলহাস মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে পুলিশ সুপার মনিরুজ্জামান গতকাল সোমবার দুপুরে ওই গৃহবধূর বাড়ি গিয়ে তদন্ত তদারক (পিও সুপারভিশন) করেছেন।
অভিযোগ রয়েছে, ভিটেছাড়া করার উদ্দেশ্যে ওই গৃহবধূর ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও যৌন নির্যাতন চালানো হচ্ছিল। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর দৌলতখান থানায় তিনজনকে আসামি করে মামলা হয়। আসামিরা হলেন জসিম মোল্লা, তাঁর বড় ভাই চরপাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল মোল্লা ও শাহীন মোল্লা। মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
ওই গৃহবধূ প্রথম আলোকে বলেন, ‘আমরা ভয়ের মইধ্যে আছি, সবাই কয় আমগোরে মাইর্যা লাইবো। এখন আমি কী করুম? মামলা তুইল্যা ফেলুম, না রাখুম—কইতাম পারি না। যদিও পুলিশ স্যার ও এনজিওর আপাগোরে কইছি, যেভাবে হিন্দুরা ভালো থাকে সেভাবে চেষ্টা করেন।’ গত শনি ও রোববার বেসরকারি সংগঠন (এনজিও) হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, ব্র্যাক, আঙিনা মহিলা সমিতি, কোস্টট্রাস্ট, চরপাতা জন সংগঠনের কর্মীরা ওই গৃহবধূর সঙ্গে দেখা করেছেন। তাঁরা গৃহবধূকে আইনি সহায়তা দেবেন বলে আশ্বাস দেন।
ভোলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, জসিম মোল্লা দীর্ঘদিন ধরে গৃহবধূর ওপর শারীরিক ও যৌন নির্যাতন করছেন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ‘আমি ঘটনা তদন্ত করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ সত্য। আসামিপক্ষ হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ সত্য বলে মনে হচ্ছে। আমি হিন্দু সম্প্রদায়ের স্থানীয় লোকজনকে নিয়ে সভা করব। তাদের ভয় না পাওয়ার জন্য আশ্বাস দেব।’ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন হাওলাদার বলেন, ‘আমি জীবন বাজি রেখে হিন্দুদের নিরাপত্তা দিয়ে আসছি। শান্তি বজায় রাখার উদ্দেশ্যে উভয় পক্ষকে মীমাংসার কথা বলেছি।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ চৌধুরী বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের কেউ আমার নিকট আসেনি। বিষয়টি ভালো করে জানি না।’ দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুল হক বলেছেন, জুলহাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।