‘মামলা দিয়ে গণ-আন্দোলন ঠেকানো যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর তাই নিজেদের পতন ঠেকাতে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে ও গ্রেপ্তার করছে। কিন্তু মামলা দিয়ে গণ-আন্দোলন ঠেকানো যাবে না।গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের মুক্তি ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, ‘সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিজেদের পতন ঠেকাতে বিএনপির শীর্ষ নেতাদের সরকার গ্রেপ্তার করেছে। সরকারের পতন এখন সময়ের ব্যাপার। মিথ্যা মামলা দিয়ে সরকার গণ-আন্দোলন ঠেকাতে পারবে না। কোনো প্রশাসন বা বাহিনী সরকারকে রক্ষা করতে পারবে না। সরকারের পতন এখন সময়ের ব্যাপার।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে গত সোমবার রাতে নাসিমন ভবন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, যুবদলের নেতা আবুল হাশেমসহ ৬৪ জনকে আসামি করে মামলা করে পুলিশ। এরপর গত মঙ্গলবার হরতাল চলাকালে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। সমাবেশে প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক বেগম রোজী কবির বলেন, নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম ও মাহবুব আলম, মোহাম্মদ মিয়া, এম এ আজিজ, কাজী বেলাল, মোশাররফ হোসেন প্রমুখ।