‘মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ায় পদত্যাগ করেছি’
‘মামলা প্রত্যাহারের জন্য চাপের কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি। কুমিল্লা জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, অথচ কেন্দ্রীয় নেতারা তাঁদের কিছুই বললেন না। উল্টো মামলা প্রত্যাহারের জন্য আমাকে চাপ দিলেন। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ কথাগুলো বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কণ্ঠশিল্পী আসিফ আকবরের।গতকাল মঙ্গলবার কুমিল্লার একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে আসিফ আকবর এসব কথা বলেন। এ সময় জেলা ছাত্রদলের কিছু নেতা-কর্মী ও তাঁর ভক্তরা উপস্থিত ছিলেন।আসিফ বলেন, ‘কুমিল্লার অপরাজনীতির হোতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিরা রড ও কাঠ দিয়ে আমার ঘাড়ে আঘাত করেছে। এতে ঘাড়ে রক্ত জমাট বেঁধে গেছে। ওই ক্ষত সারাতে চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলাম। এ কারণে আমি অনেক দিন কুমিল্লায় আসতে পারিনি।’আসিফ বলেন, ‘এখন পর্যন্ত আমার পদত্যাগপত্র গৃহীত হয়নি।’ তিনি বলেন, ‘যে মামলা নিয়ে এত কথা হচ্ছে, সে মামলা প্রত্যাহার করা হলে আমার জীবনের ওপর হুমকি আসবে।’