‘মামলা রেকর্ড করে আর কী হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতভাগা ওই লোকটির নাম মোহাম্মদ আবু সাঈদ (৩৫)। বাড়ি সাভারের সাধাপুর গ্রামে। পেশায় মুরগির ব্যবসায়ী। মুরগির জন্য খাবার কিনতে আশুলিয়ার গাজীরচট এলাকার ঊষা পোলট্রি ফিড কারখানায় যাওয়ার সময় তাঁকে অচেতন করে দুই লাখ টাকা হাতিয়ে নেয় তিন ব্যক্তি। এ ঘটনায় থানায় মামলা করতে গিয়ে অভিযোগ লিখেও মামলা নথিভুক্ত করাতে না পেরে থানা ভবনের সামনে দাঁড়িয়ে বুক চাপড়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলছিলেন, ‘হায় রে পুলিশ, টাকা ছাড়া কিছুই বুঝে না।’ কী হয়েছে জানতে চাইলে অনেক কষ্টে সাঈদ বলেন, ‘বছর পাঁচেক ধরে মুরগি পালন করছি। প্রতি সপ্তাহে ঊষা পোলট্রি ফিড কারখানা থেকে দুই লাখ টাকার খাবার নেই। খাবার কিনতে অন্য দিনের মতো রোববার সকাল ১০টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ডে গিয়ে নামি। এ সময় অজ্ঞাতপরিচিত তিনজন লোক আমার কাছে এসে মুখের সামনে হাত নাড়াচাড়া করে। এরপর আমি অচেতন হয়ে পড়ি।’ এক ঘণ্টা পর চেতনা ফিরলে তিনি দেখেন, তাঁর প্যান্টের পকেটে থাকা দুই লাখ টাকা নেই।সাঈদ জানান, এরপর তিনি আশুলিয়া থানায় গিয়ে কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহফুজা খানমকে বিষয়টি খুলে বলেন। দুপুর ১২টার দিকে একটি অভিযোগ লিখে ওই কর্মকর্তার সঙ্গে আবার যোগাযোগ করেন। এসআই মাহফুজা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার কোনো ব্যবস্থা না নিয়ে এসআই সামসুল হককে বিষয়টি দেখতে বলেন। কিন্তু বিকেল চারটা পর্যন্ত এসআই সামসুল প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। বিষয়টি জানার পর এই প্রতিবেদক আবু সাঈদকে সঙ্গে নিয়ে থানার কর্তব্যরত কর্মকর্তা মাহফুজার কাছে যান। এ সময় তিনি ক্ষেপে গিয়ে আবু সাঈদের সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করতে বলেন। বিকেল সাড়ে চারটার দিকে ওসি মো. সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলা নথিভুক্ত করার আশ্বাস দেন। এরপর থানা ভবনের দ্বিতীয় তলায় নিজ বিশ্রামকক্ষে চলে যান।গতকাল সোমবার যোগাযোগ করা হলে আবু সাঈদ জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত থানায় বসিয়ে রেখে মামলা নথিভুক্ত না করেই অভিযোগটি এসআই সামসুল হকের হাতে ধরিয়ে দিয়ে তাঁকে বিদায় করে দেওয়া হয়। তাঁর ধারণা, ঘুষ দিতে ব্যর্থ হওয়ায় পুলিশ তাঁর মামলা নথিভুক্ত করছে না। আর বিষয়টি সাংবাদিকদের গোচরে থাকায় পুলিশ কোনো টাকাও দাবি করছে না।গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআই সামসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলা নথিভুক্ত না হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা রেকর্ড করে আর কী হবে। কে আসামি, কাকেই বা ধরব।’এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি মো. সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হতাশার সুরে বলেন, ‘আমি বলার পরেও মামলা নথিভুক্ত হয়নি! বিষয়টি আমি দেখছি।’