'মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধির বাস্তবায়ন অপরিহার্য'
‘গরিব-দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল নয়টায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, চট্টগ্রামের উদ্যোগে আদালত ভবন থেকে শোভাযাত্রা বের হয়। এটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মো. নূরুল হুদা বলেন, ‘মামলাজট কমাতে ২০১৫ সালে সরকার জেলা লিগ্যাল এইড অফিসারকে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির ক্ষমতা প্রদান করে। মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধির বাস্তবায়ন অপরিহার্য। এ জন্য বিচারক থেকে শুরু করে আইনজীবীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।’
সভায় চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান বলেন, আইনগত সহায়তা পাওয়ার অধিকারের বিষয়টি অনেকেই জানেন না। এ জন্য ব্যাপক প্রচারণা প্রয়োজন।
স্বাগত বক্তব্য দেন জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৬ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা জজ মো. নুরে আলম এবং মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা।
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ফারহানা ইয়াসমিন বলেন, জেলা লিগ্যাল এইড অফিসারের মধ্যস্থতায় গত এক বছরে ১৩০টি বিরোধ বিকল্প পদ্ধতিতে মীমাংসা করা হয়।
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিন, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা বেগম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী প্রমুখ।