'মামলাজটের কারণে দরিদ্র বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার আদালতে বর্তমানে ৬৪ হাজার ৬৭০ মামলার জট। এ মামলাজটের কারণে সাধারণ দরিদ্র বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। এ জন্য দরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি। এ ক্ষেত্রে আইনজীবীসহ সবার আন্তরিক সহযোগিতা দরকার।
গতকাল সোমবার কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার এসব কথা বলেন।
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৫ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার কর্মসূচি রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা ও দায়রা জজ বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তিতে উভয় পক্ষই ন্যায়বিচার পায়। এতে দুপক্ষই খুশি হয়।
সভায় যুগ্ম জেলা জজ-২ মো. মাহাবুবুর রহমান বলেন, বাংলাদেশের কোনো আদালতে একজন অতিরিক্ত জেলা জজ কিংবা যুগ্ম জেলা জজের কাছে ৮০০-এর বেশি মামলা বিচারাধীন নেই। কিন্তু কক্সবাজারে একজন যুগ্ম বিচারকের কাছে পাঁচ হাজারের বেশি মামলা আছে। বিচারক-সংকটসহ নানা কারণে মামলাজট কমানো যাচ্ছে না।