'মামলার ভবিষ্যৎ তদন্তের মধ্যে নিহিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনু হত্যাকাণ্ড
তনু হত্যাকাণ্ড

কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার ভবিষ্যৎ ‘তদন্তের মধ্যেই নিহিত’ বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
মামলার ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে গতকাল সোমবার সকালে তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম প্রথম আলোকে এ কথা বলেন।
এই কর্মকর্তা বলেন, ‘মামলার ভবিষ্যৎ তদন্তের মধ্যেই নিহিত আছে। আমরা চেষ্টায় আছি। তদন্ত কর্মকর্তা হিসেবে খুনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে আমাদের ধরতে হবে। সেভাবেই আমরা এগোচ্ছি।’ তিনি বলেন, গত ১ এপ্রিল মামলার তদন্তকাজ হাতে নেয় সিআইডি। এরপর তনুর পরিবার, বন্ধুবান্ধবী, ছোট ভাইয়ের বন্ধু, মিলিটারি পুলিশের সদস্য, কয়েকজন সেনা কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা, সিএমএইচের চিকিৎসক ও আয়া এবং তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ তদন্তের ক্ষেত্রে সব জায়গা থেকেই সহযোগিতা পাচ্ছে বলেও তিনি জানান।
এদিকে, তদন্ত কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল হক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘তনু হত্যাকাণ্ড নিয়ে সবাই গা বাঁচিয়ে চলতে চায়। যেভাবে জিজ্ঞাসাবাদ করার কথা, সেভাবে হচ্ছে না। এ ক্ষেত্রে তদন্তে ধীরগতি মনে হচ্ছে। আসামি ধরার নাম নেই, বাদী ও বাদীর পরিবার হয়রানির শিকার হচ্ছে।’
ফরিদপুরে মানববন্ধন: ফরিদপুর অফিস জানায়, তনু হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ সোশ্যাল সার্ভিস ক্লাব নামে একটি বেসরকারি সংগঠন।