মানবতাবিরোধী অপরাধের বিচার: রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু
'মামা, ভগ্নিপতি ও ভাগনেকে হত্যা করেন সুবহান ও সঙ্গীরা'
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী আ ত ম শাহিদুজ্জামান জবানবন্দিতে বলেছেন, মুক্তিযুদ্ধকালে তাঁর মামা, দুলাভাই ও ভাগনেকে হত্যা করেন সুবহান ও তাঁর সঙ্গীরা।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাহিদুজ্জামানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। সাক্ষ্য গ্রহণে সহায়তা করেন কৌঁসুলি রেজিয়া সুলতানা।
শাহিদুজ্জামান (৬১) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার শের শাহ্ রোডে। তিনি একজন সাংবাদিক, ঠিকাদার ও মানবাধিকারকর্মী। একাত্তরের ১১ এপ্রিল বিকেলে পাকিস্তানি সেনারা নগরবাড়ী হয়ে ঈশ্বরদী আসে। পাকিস্তানি সেনারা চলে গেলে তিনি ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে আশ্রয় নেন। সেখানে তিনি আরও ২০০ মানুষকে দেখেন। তাঁদের মধ্যে ছিলেন তাঁর মামা মোয়াজ্জেম হোসেন, ভগ্নিপতি মতলেব আহমেদ খান, ভাগনে নাজমুল হক খানসহ আরও অনেকে। ১২ এপ্রিল দুপুরে মসজিদের ইমাম জানান, পাকিস্তানি সেনা ও পাকিস্তানের নেতারা আসবেন। ওই দিন আসরের নামাজের আগে একটি সাদা গাড়িতে করে সুবহান গিয়ে তাঁদের সঙ্গে নামাজ আদায় করেন। নামাজের পর সুবহান উপস্থিত সবাইকে জানান, পরদিন যেকোনো সময় পাকিস্তানি সেনারা তাঁদের ইমানের পরীক্ষা নিতে যাবে। যাঁরা এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, তাঁদের সঙ্গে করে নিয়ে যাওয়া হবে। আর যাঁরা ইমানের সঙ্গে পাকিস্তানের পক্ষে কাজ করবেন, তাঁদের কোনো সমস্যা হবে না।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, এ কথা শোনার পর তাঁর দুলাভাই তাঁকে বাড়ি পাঠিয়ে দেন। তিনি ফজরের নামাজের পর গ্রামে চলে যান। কিন্তু পারিবারিক চাপে ১৭ এপ্রিল দুলাভাই ও ভাগনেকে বাড়িতে ফিরিয়ে আনতে আবার সেখানে যান। মসজিদ থেকে ১০০ ফুট দূরে জঙ্গল থেকে তিনি কী হচ্ছে দেখার চেষ্টা করেন। তখন দেখতে পান, সুবহান ও জামায়াতের অন্য সদস্যরা মসজিদে ঢুকে তাঁর মামা মোয়াজ্জেম হোসেনকে টেনে বাইরে বের করে আনেন। তাঁদের সবার হাতেই থ্রি নট থ্রি রাইফেল ছিল।
শাহিদুজ্জামান বলেন, ‘আমি দেখলাম, মাওলানা সুবহান পাঞ্জাবির হাতা গোটালেন। তখন কেউ একজন তাঁর হাতে একটি তরবারি দেন। সেই তরবারি দিয়ে তিনি মামাকে সজোরে আঘাত করেন। মামা আল্লাহু আকবর বলে চিৎকার দেন। এর পরই সুবহানের সঙ্গীরা এলোপাতাড়ি কুপিয়ে মামাকে হত্যা করে।’
শাহিদুজ্জামান আরও বলেন, তিনি বাড়ি ফিরে এ ঘটনা জানালে বাবা-মা কান্নাকাটি শুরু করেন। তাঁকে অন্যদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়। ১৮ এপ্রিল তিনি আবার মসজিদের কাছাকাছি গিয়ে জঙ্গল থেকে দেখেন, একই কায়দায় সুবহানসহ তাঁর দলবল দুলাভাই ও ভাগনেকে টেনেহিঁচড়ে নিয়ে আসেন এবং এলোপাতাড়ি কুপিয়ে তাঁদের হত্যা করেন।
জবানবন্দি শেষে শাহিদুজ্জামানকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।