'মায়ের আন্ধা চোখের আলো নিভে গেল'

ছেলের লাশ দেখার ক্ষমতা নেই সত্তরোর্ধ্ব পেয়ারা বেগমের। দৃষ্টিশক্তিহীন তিনি। তাই পিকআপ ভ্যান থেকে যখন নামানো হলো লাশের খাট, হাতড়ে হাতড়ে তিনি তা স্পর্শ করলেন। বুক চাপড়ে আহাজারি করতে করতে বললেন, ‘এই খাটে কি তুমি শুয়ে আছ, বাবা? কথা কও বাপ, কথা কও!’ উত্তর মেলে না। এবার খাট জড়িয়ে ধরে আর্তনাদ। পেয়ারা বেগম বুঝে গেছেন, এ খাটেই চিরনিদ্রায় শায়িত তাঁর আদরের সন্তান মোজাম্মেল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারোদি ইউনিয়নের নগরহাটি গ্রামে মেঘনা নদীর তীরে শত শত মানুষ এমন মর্মান্তিক দৃশ্য দেখেছে, ভেসেছে চোখের জলে।
নগরহাটি গ্রামেই শৈশব-কৈশোর কেটেছে মোজাম্মেলের। সংসারের হাল ধরতে ঢাকায় এসেছিলেন তিনি। চালাচ্ছিলেন লেগুনা। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই লেগুনায় পেট্রল ঢেলে আগুন দেয় অবরোধ সমর্থনকারীরা। পুড়ে যায় প্রায় পুরো শরীর। গত বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
এর আগেও হরতাল-অবরোধে আগুন, পেট্রলবোমা ও ককটেল হামলায় নিহত হয়েছে মানুষ। খবর হয়েছে গণমাধ্যমে। ছাপা হয়েছে ছবি। তবু কমেনি সহিংসতা, বরং বাড়ছে। তাই ঘটনার কথা বলতে গিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন মোজাম্মেলের স্বজনেরা।
মর্গের এক পাশে দুই হাতে মাথা ধরে কুঁজো হয়ে বসে ছিলেন মোজাম্মেলের বড় ভাই লেগুনাচালক মো. সোহেল। চোখে জল। মলিন মুখ। উষ্কখুষ্ক চুল। নিষ্পলক দৃষ্টি। ভাইয়ের মৃত্যুশোক স্তব্ধ করে দিয়েছে তাঁকে।
স্বজনেরা জানান, সোহেল আর মোজাম্মেলই বৃদ্ধ পেয়ারার সম্বল। মোজাম্মেল যখন গর্ভে, তখন পেয়ারা হারিয়েছেন তাঁর স্বামী রিকশাচালক আরজু মিয়াকে। জন্মের পর মোজাম্মেলকে নিয়ে নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে থাকতেন পেয়ারা। আর বড় ছেলে সোহেল ঢাকায় লেগুনা চালানো শুরু করেন। বৃদ্ধ হতে থাকেন মা। হারান দৃষ্টিশক্তি। আড়াই বছর আগে মা ও ভাইকে ঢাকায় নিয়ে আসেন সোহেল। নয় মাস ধরে পালা করে ভাইয়ের লেগুনা চালাচ্ছিলেন মোজাম্মেল।
পিকআপ ভ্যানে নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে লাশ নিয়ে যান স্বজনেরা। এরপর নিয়ে যাওয়া হয় তিন কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরে কবরস্থানে। গাড়ির পিছে ছুটে চলে শত শত মানুষ। দুজনের হাত ধরে হেঁটে চলেন মা পেয়ারা বেগম। নদীর পারে আহাজারি করছিলেন তিনি, ‘আমি তোমারে চোখে দেখবার পারতেছি না বাবা! মা কইয়া ডাকবা না?’
মোজাম্মেলের ফুফু সাজেদা বেগম বলেন, অন্ধ হলেও দুই সন্তানই ছিলেন পেয়ারার আলো। মোজাম্মেলের মরণে তাঁর আন্ধা চোখের আলো নিভে গেল। সাজেদা আরও বলেন, ‘এখন রাজনীতিবিদদের কন, তারা যেন আমাদের সবার গায়ে পেট্রল দিয়া আগুন ধরাইয়া দেয়।’