'মায়ের লাশ নিয়া কই যামু?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের লাশঘরে ট্রলিতে ৪০ বছর বয়সী এক নারীর লাশ। লাশঘরের কলাপসিবল ফটকের পাশে বসে ওই নারীর দিকে তাকিয়ে অঝোরে কাঁদছে ১০ বছরের এক কন্যাশিশু। বলছে, ‘মায়ের লাশ নিয়া আমি কই যামু?’

জানতে চাইলে ওই কন্যাশিশু জানায়, তার নাম বীথি। লাশটি তার মা রাজিয়া বেগমের। মিরপুরে ফুটপাতে পিঠা আর রুটি বিক্রি করতেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় মিরপুরে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় তার মা গুরুতর আহত হন। এক অটোরিকশার চালকের সহায়তায় অচেতন মাকে বীথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশ নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগের লাশঘরে।

মায়ের লাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বীথি বলে, ‘মা ছাড়া আমার কেউ নাই। মায়ের লাশ নিয়া কই যামু? কোথায় কবর দিমু।’

হাসপাতাল সূত্র জানায়, মিরপুরের শাহ আলীর বাগ এলাকায় জনতা হাউজিং বস্তিতে বীথিকে নিয়ে থাকতেন রাজিয়া। সেখানে রাস্তার পাশে পিঠা ও রুটি বিক্রি করতেন তিনি।

রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশঘরে ছিল রাজিয়ার লাশ। বাইরে বসে ছিল বীথি। তাদের কোনো স্বজনের দেখা তখনো মেলেনি।

রাতে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, মিনিবাসটিকে আটক করা যায়নি।