‘মার খেলেও কাঁদবেন না, কাঁদলেই ওএসডি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তারা মার খাবেন, কিন্তু কাঁদতে পারবেন না, কাঁদলে ওএসডি হবেন। পাবনার কর্মকর্তাদের ওএসডি করার মাধ্যমে সরকারের মন্ত্রী-এমপিদের হুংকারের বাস্তবায়ন দেখেছে দেশের জনগণ।দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশের প্রথম দিনে গতকাল শনিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সভায় মসিউর রহমান এ কথা বলেন।ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের হাতে মার খেলেও আপনারা মিডিয়ার সামনে কাঁদবেন না, কাঁদলে সরকার আপনাদের ছাড়বে না। এই সরকার লুটেরা, জুলুমবাজ, মামলাবাজ আর হামলাবাজ। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষস্থানে অবস্থান করছে। প্রশাসনে চলছে দলীয়করণ, সব প্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্য শুরু হয়েছে। ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করা হচ্ছে। ক্ষমতাসীনেরা ১০ টাকা কেজি দরে চাল দিতে চেয়েছিল, আজ তা ৪০ টাকায় কিনতে হচ্ছে।সকাল ১০টায় কালীগঞ্জ শহরের থানা রোডে পৌরসভার মেয়র ও দলের উপজেলা শাখার আহ্বায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন বিএনপির জেলা সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র আবদুল মালেক, স্থানীয় নেতা আশরাফ উদ্দিন প্রমুখ। মসিউর রহমান বলেন, এই সরকার জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার চক্রান্ত করছে। গোটা দেশে চলছে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন। এর প্রতিবাদে এবং দেশের মানুষকে রক্ষা করতে ভেদাভেদ ভুলে একসঙ্গে আন্দোলন করতে হবে।