'মার্কা না, মুখ দেখি ভোট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যত প্যাঁচ গোলাপগঞ্জে। ক্ষণে ক্ষণে রং বদলায়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি—কোনো দলের ভোট এক বাক্সে পড়ত নায়। আমরার ইনও মার্কা না, প্রার্থীর মুখ দেখি দেখি মানুষ ভোট দিব।’ কথাগুলো বলছিলেন গোলাপগঞ্জের চৌমোহনী এলাকার ব্যবসায়ী জালাল আহমদ চৌধুরী।

গত শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষের সঙ্গে কথা হয়। এঁদের অধিকাংশেরই ভাষ্য, গোলাপগঞ্জ পৌরসভায় কে কোন দল থেকে নির্বাচন করছেন, সেটা ভোটারদের কাছে মুখ্য নয়। বরং কোন ব্যক্তি এলাকায় গ্রহণযোগ্য, সেটাই বিবেচনায় নিচ্ছেন ভোটাররা।

ওই দিন বেলা ১১টার দিকে উপজেলা কমপ্লেক্স এলাকায় গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের সামনে অবস্থিত চারটি রেস্তোরাঁর সামনে বেঞ্চ পেতে চা পান করতে করতে নির্বাচনী আলোচনায় মশগুল ৩০ থেকে ৫০ বছর বয়সী অর্ধশতাধিক মানুষ। এর একটি জটলায় আলাপে আনহার মিয়া বলেন, ‘প্রত্যেকবার আমরার ইনও (এখানে) ভোট আরেক রকমের হয়। মার্কা-টার্কা না, অইব প্রার্থী অখলতের মুখ দেইখা।’ তাঁর এ রকম কথায় মাথা নেড়ে সায় দেন সেখানে উপস্থিত জনা দশেক মানুষ।

উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে বেরিয়ে পৌরসভার ফুলবাড়ী পূর্বপাড়া, ঘোষগাঁও, টিকরবাড়ী, বাদে রনকেলী, পূর্ব ঘোগারকুল এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁদের মতে, আসন্ন পৌরসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান মেয়র জাকারিয়া আহমদ ওরফে পাপলু ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরীর মধ্যে। ২০০৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ পৌর নির্বাচনে জাকারিয়া পেয়েছিলেন ৫ হাজার ৪২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল পান ৩ হাজার ৪৭৫ ভোট। তাঁরা আরও বলেন, জাকারিয়া ও সিরাজুল ছাড়াও বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী ওরফে শাহীন, ‘বিদ্রোহী’ প্রার্থী যুবলীগের যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ওরফে রাবেল এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান ওরফে লিপনও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টির মো. সুহেদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলামও মেয়র পদপ্রার্থী হিসেবে নিয়মিত ভোটারদের কাছে যাচ্ছেন।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমদ চৌধুরী বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত দুটি নির্বাচনেই জাকারিয়া আহমদ মেয়র নির্বাচিত হয়েছিলেন। তবে এবার পরিবর্তনের সুর উঠেছে। তবে এটা মানতে নারাজ জাকারিয়ার এক সমর্থক। নাছির মিয়া নামের ওই সমর্থকের দাবি, পরিবর্তনের বিষয়টি গুটি কয়েক মানুষের বক্তব্য। এটি সব ভোটারের কথা নয়।

৪ নম্বর ওয়ার্ডের কামারগাঁও এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক রিয়াজ উদ্দিন (৫৫) বলেন, ‘বিগত সময়ে পৌরসভায় কোনো উন্নয়নই হয়নি। তাই যিনি উন্নয়নে খুব বেশি আন্তরিকতার পরিচয় রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি, এবার তাঁকেই ভোট দেব।’

বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বলেন, ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে তাঁরা শতভাগ আশাবাদী।

মেয়র জাকারিয়া আহমদ বলেন, ‘পৌরসভা প্রতিষ্ঠার পর ১৪ বছর ধরে যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর এত উন্নয়ন গোলাপগঞ্জে আর কখনো হয়নি। আমি কখনোই কোনো মানুষকে ভেদাভেদের চোখে দেখিনি। আমার বিশ্বাস, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে ভোটাররা আমাকে পুনর্নির্বাচিত করবেন।’

গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ২০০১ সালে গোলাপগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ‘ক’ শ্রেণির এই পৌরসভার আয়তন সাড়ে ১৭ বর্গকিলোমিটার। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৯ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৯৩৯ ও নারী ৯ হাজার ৭৯৬ জন।