‘মার্কিন বিশেষ বাহিনীর ছয়-সাতজন সদস্য বাংলাদেশে আছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন বিশেষ বাহিনীর ছয়-সাতজন সদস্য বাংলাদেশে রয়েছেন। তবে প্রশিক্ষণের জন্যই তাঁরা বাংলাদেশে অবস্থান করছেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, তবে বাংলাদেশে মার্কিন কোনো সেনাঘাঁটি নেই। তা ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি করতে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের চিন্তার মধ্যেও নেই।১৯ এপ্রিল অনুষ্ঠেয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সংলাপ প্রসঙ্গে দীপু মনি বলেন, শুধু যুক্তরাষ্ট্র কেন, অন্য যেকোনো দেশের সঙ্গেই এ সংলাপ হতে পারে।রূপরেখা চুক্তি প্রায় চূড়ান্ত: দীপু মনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি রূপরেখা বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে। চুক্তিটি প্রায় শেষ পর্যায়ে। আশা করি, আলোচনার মাধ্যমে দূরত্ব কেটে যাবে।’ দূরত্ব কোথায়—সাংবাদিকদের এ প্রশ্ন তিনি এড়িয়ে যান। তিনি বলেন, ‘প্রস্তাবিত চুক্তিতে কাজের পরিবেশ, শ্রমিক অধিকার ও বাণিজ্যের শর্তের বিষয়গুলো রয়েছে। এসব বিষয়ে আমরা প্রায় একমতের জায়গায় পৌঁছে গেছি।’আরও বিদেশিদের সম্মাননা এ বছরই: পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মাননা জানানোর আরও এক বা একাধিক অনুষ্ঠান এ বছরই হবে। তিনি বলেন, ২০১০ সালের ২২ এপ্রিল গঠিত জাতীয় কমিটি গত দুই বছরে ৫৬৮ জনের তালিকা তৈরি করেছে। এটি এখনো সম্পূর্ণ তালিকা নয়, এর বাইরেও অনেকেই রয়েছেন, যাঁদের সম্মাননা জানানো হবে।