মার্কিন সতর্কবার্তায় নতুন কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী l ফোকাস বাংলা
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী l ফোকাস বাংলা

ঢাকার মার্কিন দূতাবাসের গত শনিবার জারি করা সতর্কবার্তায় আগের চেয়ে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেছেন, পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন দূতাবাসের শনিবারের হালনাগাদ বার্তা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তাঁর সদ্যসমাপ্ত জেনেভা সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও গতকাল ব্র্যাক সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার নতুন করে কোনো সতর্কবার্তা দেয়নি। আগের বার্তাটি শুধু হালনাগাদ করেছে। তিনি সেখানে নারীর ক্ষমতায়ন ও পুষ্টি নিরাপত্তাবিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ বাহিনী যে সহযোগিতা করছে, তা সত্যিই সন্তোষজনক।
মার্কিন দূতাবাস গত শনিবার নিরাপত্তা-সংক্রান্ত বার্তা হালনাগাদ করে বাংলাদেশে ভ্রমণ কিংবা চলাফেরার সময় মার্কিন নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ব্র্যাক ইন সেন্টারে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট l প্রথম আলো
ব্র্যাক ইন সেন্টারে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট l প্রথম আলো

 
যুক্তরাষ্ট্র দূতাবাসের শনিবারের বার্তাটি জোরালো মনে হচ্ছে কি না, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ রকম কিছু এর মধ্যে আছে, আমার মনে হয় না। এখানে এ রকম কিছু আছে, আগের চেয়ে বেশি, ও রকম কথা এর মধ্যে নেই।’
দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে আইএসের জড়িত থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যে দাবি করেছে, এর উত্তর তারাই দিতে পারবে। ওদের উত্তর তো আমরা দিতে পারি না।’ তিনি বলেন, ‘খতিয়ে দেখবে বলেছে। কী খতিয়ে দেখল, এটা আমরা কীভাবে বলব। আমরা তৈরি, সরকার তৈরি এবং পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। সবকিছুই চলছে।’
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘আগের তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য সতর্কতা নোটিশ জারি করেছে দেশগুলোর সরকার। নতুন কোনো বার্তা আমাদের কাছে নেই।’ তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। তারা আমাদের জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ধরার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ৫ অক্টোবর আমরা রাষ্ট্রদূতদের এ বিষয়ে ব্রিফ করেছি। তাঁদের বলেছি, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। বরং কোনো তথ্য থাকলে আমাদের দেন। বিদেশিদের নিরাপত্তার জন্য আমাদের সক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব ততটুকু বাড়ানো হয়েছে।’
পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতির কারণে তারা এ ধরনের নিরাপত্তা নোটিশ জারি করছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশ্নই ওঠে না। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আগের থেকে অনেক ভালো।’