পচে যাওয়া আলুর ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মালিক হিসেবে কৃষকদের সঙ্গে চুক্তিপত্রে সই করেছেন তিনি। চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার শেষ দিন ছিল গত ১৫ জুলাই। নির্দিষ্ট সময়ে ক্ষতিপূরণ না দিয়ে এখন বলছেন, তিনি হিমাগারের মালিক নন। ১০ হাজার আলুচাষির সঙ্গে তিনি প্রতারণা করছেন।দিনাজপুর প্রেসক্লাবে গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উত্তরা হিমাগারের নির্বাহী পরিচালক মির্জা আশফাক হোসেনের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়। দিনাজপুর সদর উপজেলার এই হিমাগারে আলু রেখে ক্ষতিগ্রস্ত কৃষকেরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মির্জা আশফাক ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের একান্ত সহকারী সচিব (এপিএস) ও জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক।সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য পড়েন উত্তরা হিমাগার চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তিনি জানান, উত্তরা হিমাগারে প্রায় ১০ হাজার কৃষক ও ব্যবসায়ী মোট ৫৭ হাজার বস্তা আলু রেখেছিলেন। হিমাগারের বর্তমান মালিক মির্জা আশফাক হোসেন। তিনি মূল মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী নূর নেওয়াজ ও তাঁর ছোট ভাই নওশাদ আফরোজের কাছ থেকে হিমাগারের বেশির ভাগ শেয়ার কিনে পাঁচ বছর ধরে নির্বাহী পরিচালক হিসেবে হিমাগারটি পরিচালনা করছেন। আলু সংরক্ষণের রসিদে মালিক হিসেবে মির্জা আশফাক হোসেনের স্বাক্ষর রয়েছে। আলুচাষিরা জানান, এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে কৃষকেরা আলু হিমাগারে পৌঁছে দেন। কিন্তু এর সপ্তাহখানেক পর থেকে তাঁরা জানতে পারেন, হিমাগারে রাখা আলু পচতে শুরু করেছে। ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আলু রক্ষা করতে তাঁরা অনেক দৌড়ঝাঁপ করেন। কিন্তু এ সময় মালিক মির্জা আশফাক হিমাগারে আসেননি। বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে আলু পচে যাওয়ার খবর প্রচারিত হলে ২৯ এপ্রিল তিনি হিমাগারে আসেন। তৎকালীন জেলা প্রশাসক সদর উপজেলার কৃষি কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি করে দেন। ওই কমিটি কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার যে সুপারিশ করে, তাঁর আলোকে গত ১ মে হিমাগারমালিক ও কৃষকদের মধ্যে লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা ছিল। কৃষকেরা অভিযোগ করেন, এখন যোগাযোগ করলে মির্জা আশফাক বলছেন, তিনি হিমাগারের মালিক নন। দুই মাস পর মালিকেরা আমেরিকা থেকে আসবেন, তারপর ক্ষতিপূরণ দেবেন।ক্ষতিপূরণের দাবিতে গতকাল জেলা প্রশাসকের কাছে কৃষকেরা স্মারকলিপি দেন। এর আগে কৃষকেরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ স্মারকলিপি গ্রহণ করে চুক্তি অনুযায়ী কৃষকদের ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।যোগাযোগ করা হলে মির্জা আশফাক হোসেন জানান, হিমাগারের মূল মালিক নূর নেওয়াজ ও নওশাদ আফরোজ। তাঁরা দেশে ফিরলে সমস্যার সমাধান হবে। তিনি আরও জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আলু পচে গেছে। এজন্য ক্ষতিপূরণ চেয়ে তিনি পল্লী বিদ্যুতের বিরুদ্ধে মামলা করেছেন। ক্ষতিপূরণ পেলেই কৃষকদের টাকা দেবেন।