‘মালিকির টাহার জন্য এই হরতালে রাস্তায় নামিছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে খুলনা নগরে ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণী-পেশার মানুষ বিপাকে পড়েছেন। পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের সমস্যা বেশি হচ্ছে। নগরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।খুলনা শিল্প ও বণিক সমিতির সভাপতি কাজী আমিনুল হক বলেন, ‘হরতালের ফলে রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যে অর্ডার (রপ্তানি আদেশ) নিয়েছিলাম তা যথাসময়ে দিতে পারছি না। এ রকম চলতে থাকলে একসময় আমরা আর কোনো অর্ডার পাব না। এককথায় ব্যবসা-বাণিজ্যে ধস নামবে। দেশের ব্যবসা-বাণিজ্যের ভীষণ ক্ষতি হবে।’ নগরের টুটপাড়া এলাকার রহিমা আফরোজ বলেন, ‘জিনিসপত্রের দাম বাড়লে তা নিয়ে রাজনৈতিক দলের কোনো মাথাব্যথা থাকে না। এক মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি হয়েছে। এই নিয়ে হরতাল ডেকেছে জামায়াত-শিবির। রায় না মানলে কোর্টে গিয়ে তারা লড়াই করুক। লাগাতার হরতাল দিয়ে সংঘর্ষ বাঁধিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার কী দরকার। বাংলাদেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করা উচিত।’ নগরের বয়রা এলাকার বাসিন্দা কাজী মারুফ হোসেন বলেন, ‘হরতালের ফলে দোকানপাট বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা যাচ্ছে না। এদিকে রিকশা ও ইজিবাইকের ভাড়া বেড়ে গেছে। মেয়ের পরীক্ষা চলছিল, সেটি আবার পিছিয়ে গেল। সব মিলিয়ে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছি।’ইজিবাইকের চালক সোহেল মাহমুদ বলেন, ‘মালিকরে প্রতিদিনের ভাড়ার টাকা বুঝায়ে দিতি হয়। হরতালে পড়িছি বিপাকে। মালিকির টাহার জন্য এই হরতালে রাস্তায় নামিছি। মনে ভয় কাজ করতেছে কহন কী হয়। হরতালে আমাগের মতো গরিব মানুষের বড় কষ্ট।’শিক্ষক আনোয়ারুল কাদির জানান, জামায়াত-শিবির এখন কোনো রাজনৈতিক দলের বদলে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তারা পুলিশের ওপর হামলা চালাচ্ছে। পুলিশের ওপর হামলা করা মানে তো রাষ্ট্রের ওপর হামলা করাই। এদের ব্যাপারে এখনই নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।