মালিকের গাফিলতি, অতি মুনাফালোভী মনোভাব ও উদাসীনতার কারণেই গাজীপুরের মালটিফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছেন শ্রমিকনেতারা। এ ঘটনায় কারখানার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) আয়োজিত এ সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন যোগ দেয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, কিছুদিন আগে দিনাজপুরের ভয়াবহ বয়লার বিস্ফোরণের রেশ না কাটতেই আবার গাজীপুরে বয়লার বিস্ফোরণে ১৩ জন শ্রমিক নিহত হলেন। আহত মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য। আর এই বিস্ফোরণ ঘটেছে কেবল কর্তৃপক্ষের অবহেলায়। কারণ, বয়লারটি মেয়াদোত্তীর্ণ ছিল।
বিস্ফোরণে নিহত তিনজন শ্রমিককে আসামি করে মামলা করার ঘটনা দুঃখজনক উল্লেখ করে স্কপের যুগ্ম সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান বলেন, এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্ত শেষে মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, শ্রমিকদের কর্মক্ষম সময় কমপক্ষে ৬০ বছর বিবেচনা করে ক্ষতিপূরণ দিতে হবে।
শ্রমিকনেতা শুক্কুর মাহমুদ অবশ্য বলেন, দেশের পোশাক কারখানার সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এখন সারা দেশের শ্রমিকেরা মৃত্যুর আতঙ্ক নিয়ে কাজ করছেন। এই অবস্থার অবসান সরকারকেই করতে হবে।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল করা হয়।