'মালয়েশিয়ার ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা উচিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে খননকাজের প্রকল্পের কাজ শেষ না করায় মালয়েশিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
গতকাল সোমবার সকালে কর্ণফুলী নদীতীরে চট্টগ্রাম বন্দরের প্রকল্প কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন-এমএমডিসি’ এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। প্রায় ২৯৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ২ জানুয়ারি। কিন্তু এক বছর সময় বাড়ানোর পরও তারা পুরো কাজ শেষ করতে পারেনি। এখনো প্রায় ২০ শতাংশ কাজ বাকি রয়েছে।
গতকাল কর্ণফুলী নদীর সদরঘাট থেকে চাক্তাই এলাকা পর্যন্ত সরেজমিন পরিদর্শন করে সংসদীয় কমিটির সভাপতি বলেন, ‘এখন আর অসন্তোষ প্রকাশ নয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব আমরা। আর কীভাবে পুরো কাজ করা যায় সেটি দেখতে হবে।’