‘মা-বাবার অবর্তমানে আমরাই তাকে মানুষ করেছি। পরিবারের সবাই মিলে বিদেশে পাঠিয়েছি। বিদেশে গিয়ে ও ভালোই উপার্জন করছিল। আগামী এক মাসের মধ্যে তার বাড়ি ফেরার কথা ছিল। বাড়ি এসে নতুন ঘর তুলবে; বিয়ে করবে। সংসারের হাল ধরবে। কিন্তু মাসুদের স্বপ্ন পূরণ হলো না। খবরটা শোনার পর থেকেই হাউমাউ করে কেঁদেছি।’
সৌদি আরবের রাজধানী রিয়াদের ধুমরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সফিউল আলম ওরফে মাসুদের (২৮) ভাবি জোহরা আক্তার ওরফে সুমি গতকাল শনিবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় এভাবেই বিলাপ করছিলেন আর মূর্ছা যাচ্ছিলেন।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় সড়ক দুর্ঘটনায় অন্য তিন বাংলাদেশির সঙ্গে নিহত হন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের সফিউল আলম।
পারিবারিক সূত্রে জানা গেছে, বায়রা গ্রামের হাবিব উল্লাহ মিয়াজী ও মনতিরের নেছার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সফিউল সবার ছোট। কিশোর বয়সেই সফিউল বাবা-মাকে হারান। এরপর ভাই ও বোনেরাই তাঁর ভরণপোষণ করেন।
২০০৭ সাল থেকে সফিউল সৌদি আরবে একটি প্রাইভেট কোম্পানিতে এয়ারকন্ডিশনের কাজ করতেন। বৃহস্পতিবার সকালে রিয়াদের বাসা থেকে কর্মস্থল ধুমরায় প্রাইভেট কারে করে যাচ্ছিলেন। প্রাইভেট কারটি ধুমরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বর্তমানে তাঁর লাশ ধুমরা জেনারেল হাসপাতালে রয়েছে। সফিউলের দুই ভাই হুমায়ুন কবীর ও ইয়াছিন মিয়াজী সৌদি আরবের জেদ্দায় থাকেন। খবর পেয়ে তাঁরা সেখানে গিয়েছেন বলে জানা গেছে।
মাসুদের ভাবি জোহরা আক্তার বলেন, ‘গত বুধবার দুপুরে সফিউলের সঙ্গে কথা হয়। ওই সময় সে আগামী এক মাসের মধ্যে বাড়ি আসার কথা জানায়। আমরা বাড়িতে তার সম্পত্তি আলাদা করে রেখেছিলাম। কিন্তু একটি দুর্ঘটনায় তার সব স্বপ্ন শেষ করে দেয়।’
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘লাশ আনার প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকভাবে কাল রোববার (আজ) চিঠি দেওয়া হবে। ইতিমধ্যে নাঙ্গলকোটে গিয়ে মাসুদের পরিবারের সঙ্গে আমরা দেখা করেছি।’