এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে ‘গণমাধ্যমের শত্রু’ বলে আখ্যায়িত করেছে সাংবাদিকদের চারটি ইউনিয়নসহ জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার এবং গত রোববারের মানববন্ধনে একজন সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এই ঘোষণা দেন। একই সঙ্গে এটিএন বাংলা ও এটিএন নিউজের টক শোসহ সব অনুষ্ঠান বর্জনের জন্যও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এই কর্মসূচি পালন করে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এটিএন বাংলার নয় সংবাদকর্মীসহ ১০ জনকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয় গতকালের মানববন্ধনে। রোববারের ঘটনার ভিডিও ফুটেজ, পত্রিকায় প্রকাশিত ছবি ও প্রতিবেদনের তথ্য দেখে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। তাঁরা হলেন: এটিএন বাংলার জ ই মামুন, শওকত মিল্টন, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, এস এম বাবু, মানস ঘোষ, কেরামত উল্লাহ বিপ্লব, ভানুরঞ্জন চক্রবর্তী, রাহাত মিনহাজ ও ভোরের কাগজ-এর শামীম আহমেদ।সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গত রোববার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ছিল। কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে মাহফুজুর রহমানের মালিকানাধীন দুটি চ্যানেলের সাংবাদিকদের মালিকের দোসর আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা জাহাঙ্গীর আলম প্রধানকে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে গতকাল মানববন্ধন করা হয়। গতকাল মাহফুজুর রহমানের পক্ষে কিছু শিল্পী মানববন্ধন করার কথা বললেও সাংবাদিক নেতাদের আহ্বানের কারণে তাঁরা কর্মসূচি স্থগিত করেন। গতকালের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘সাগর-রুনির রক্তের বিনিময়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে। সাগর-রুনির রক্তের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা কোরো না।’ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘চার দশক ধরে আমি সাংবাদিকতা করি। জাতীয় প্রেসক্লাবের ভেতরে এভাবে মারধর করার ঘটনা এই প্রথম। এঁদের সাংবাদিক বলতেও লজ্জা হচ্ছে।’ ইকবাল সোবহান চৌধুরী অভিযোগ করেন, মাহফুজুর রহমান সাংবাদিকদের ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁর নির্দেশে এটিএন বাংলার কর্মীরা মানববন্ধনে হামলা চালিয়েছেন। সাগর-রুনি হত্যার তদন্তকে প্রভাবিত করার জন্য তদন্ত চলাকালে মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী অভিযোগ করেন, রোববারের মানববন্ধনে হামলার ঘটনার মিথ্যা প্রতিবেদন প্রচার করে এটিএন বাংলা ও এটিএন নিউজ হলুদ সাংবাদিকতার সব নজিরকে ম্লান করে দিয়েছে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ এটিএন বাংলার চেয়ারম্যানকে উদ্দেশ করে বলেন, ‘আয়নায় নিজের চেহারা দেখুন। আপনার কথায় গণমাধ্যম চলবে না। আপনি জনগণের চেয়ে ওপরে, সব সাংবাদিকের চেয়ে বেশি হয়ে যাননি।’ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, যারা আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে অবশ্যই শাস্তি দিতে হবে, যাতে আর কেউ এ ধরনের ধৃষ্টতা দেখাতে না পারে। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান ও কিছু উশৃঙ্খল সাংবাদিকের কাছে গোটা সাংবাদিক সমাজ জিম্মি হতে পারে না।কর্মসূচিতে অন্যান্য সাংবাদিক নেতাদের মধ্যে শওকত মাহমুদ, আবদুল জলিল ভূঁইয়া, আবদুস শহিদ, ওমর ফারুক, মোহাম্মদ বাকের হোসাইন, শাবান মাহমুদ, সাজ্জাদ আলম খান প্রমুখ বক্তব্য দেন। তাঁরা যেকোনো মূল্যে সাংবাদিকদের ঐক্য অটুট রাখা এবং সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।