'মাহবুবকে গ্রেপ্তার আইনের শাসনকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা'
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে গ্রেপ্তার আইনের শাসনকে ভূলুণ্ঠিত করার এক ‘অপচেষ্টা’ বলে মন্তব্য করেছেন কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী।
আজ বুধবার দুপুর ১২টার দিকে বার কাউন্সিল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ জে মোহাম্মদ আলী এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, ‘খন্দকার মাহবুব হোসেনসহ জ্যেষ্ঠ আইনজীবীদের মিথ্যা ও হয়রানিমূলক গ্রেপ্তার করে গণতন্ত্রের পথ রুদ্ধ করে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের দিকেই বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে।’
বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান বলেন, ‘ন্যায়বিচার, আইনের শাসন ও মৌলিক অধিকার ভূলুণ্ঠিত করে সরকার যে ভবিষ্যত্ দুরভিসন্ধিমূলক পথের দিকে অগ্রসর হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে খন্দকার মাহবুবকে গ্রেপ্তার করে সরকার কলঙ্কজনক এক অধ্যায়ের সূচনা করেছে। সরকারের এ আচরণ আইনজীবী সমাজকে ব্যাপকভাবে উত্কণ্ঠিত করেছে।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নির্বিচারে জ্যেষ্ঠ আইনজীবীদের হয়রানিমূলক গ্রেপ্তার স্বাধীন বিচারব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপের বহিঃপ্রকাশ, যা জাতির বিবেক আইনজীবী সমাজ মেনে নিতে পারে না। বার কাউন্সিলের পক্ষ থেকে হয়রানিমূলক গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে খন্দকার মাহবুবসহ সব আইনজীবীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
এ সময় বার কাউন্সিলের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান সানাউল্লা মিয়া ও হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফা খান উপস্থিত ছিলেন।